কক্সবাজার উপকূলে মোটর শোভাযাত্রা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে কাঠের ট্রলার ও বিদেশি জাহাজে মানব পাচার প্রতিরোধ এবং দালালদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার কক্সবাজার সমুদ্র উপকূলের প্রায় ৮০ কিলোমিটারজুড়ে সচেতনতামূলক মোটর শোভাযাত্রা হয়েছে। এ সময় পথে পথে ছয়টি মানব পাচার প্রতিরোধ সমাবেশ হয়। পাঁচ হাজারের বেশি মানুষ সমাবেশে উপস্থিত থেকে এই অপতৎপরতা বন্ধে ভূমিকা রাখার অঙ্গীকার করে।জেলার পরিবেশবাদী ও সামজিক সংগঠন ‘কক্সবাজার বাঁচাও আন্দোলন’ ও ‘কক্সবাজার সিভিল সোসাইটি’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। গত বৃহস্পতিবার থেকে প্রথম আলোয় সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রার ওপর তিন পর্বের সরেজমিন প্রতিবেদন ছাপা হয়। এরপর বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়।‘হব না আটক—দেব না প্রাণ, মানব পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ স্লোগান নিয়ে সংগঠন দুটি গতকাল সকাল আটটা থেকে ৮০ কিলোমিটার দীর্ঘ উপকূলের মানুষকে মানব পাচার প্রতিরোধ বিষয়ে সচেতন করতে মাঠে নামে।জানা যায়, গতকাল সকাল নয়টায় সমুদ্র উপকূলের উখিয়া সোনারপাড়া বাজারে মানব পাচারবিরোধী সচেতনতামূলক প্রথম সমাবেশ হয়। বেলা ১১টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর বাজারে দ্বিতীয় সমাবেশ হয়। বেলা তিনটায় টেকনাফ সদর ইউনিয়নের লম্বরীগ্রাম, বিকেল চারটায় টেকনাফ পৌরসভার বাসস্ট্যান্ড, সন্ধ্যায় নয়াপাড়া উচ্চবিদ্যালয় মাঠ ও রাত আটটায় সাবরাং উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ হয়। সমাবেশগুলোতে বক্তব্য দেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান, কক্সবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, কানন পাল, শাপলাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনজুর, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিদারুল ফেরদৌস, বেসরকারি সংস্থা নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম, জোনাব আলী, সিরাজ উদ্দিন, মীর আহমদ প্রমুখ।সমাবেশে আয়াছুর রহমান বলেন, ‘সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলার ডুবে শত শত মানুষের মৃত্যু হচ্ছে। মিয়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কারাগারে বন্দিজীবন কাটাচ্ছেন অনেকে। জেনেশুনে বিষপান না করার জন্য আমরা এ সমাবেশ করছি।’আবু মোর্শেদ চৌধুরী বলেন, ‘দালালদের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তারের পাশাপাশি বিদেশি জাহাজের দিকে সতর্ক দৃষ্টি রাখতে আমরা নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদারের দাবি জানাই।’ওসি দিদারুল ফেরদৌস বলেন, সমুদ্রপথে মানব পাচার বন্ধে পুলিশ তৎপর রয়েছে। কিন্তু এলাকার মানুষ সচেতন না হলে এই তৎপরতা বন্ধ করা সম্ভব হবে না।