কক্সবাজার সমুদ্র উপকূলে জলদস্যুদের তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে। কুতুবদিয়া থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার সমুদ্রপথে মাছ ধরার অন্তত ৩৪টি ট্রলার গত ১০ দিনে লুট হয়েছে। এই লুটতরাজ চালাচ্ছে ১৫টির মতো জলদস্যু বাহিনী।সংশ্লিষ্ট সূত্র জানায়, সেন্ট মার্টিন, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া এলাকায় কয়েক দিন ধরে ঝাঁকে ঝাঁকে ইলিশ, গুইজ্জাসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। তাই কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের প্রায় সাত হাজার ট্রলার বর্তমানে গভীর সমুদ্রে মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছে। কিন্তু জেলেরা মাছ নিয়ে ফেরার পথে সশস্ত্র ও সংঘবদ্ধ জলদস্যুদের আক্রমণের মুখে অসহায় হয়ে পড়ছেন।স্থানীয় জেলে ও বোটমালিক সমিতি সূত্র জানায়, সেন্ট মার্টিনের অদূরে জলদস্যুরা অতর্কিত হামলা চালিয়ে গত শনিবার ভোরে চারটি ট্রলার থেকে কয়েক লাখ টাকার মাছ লুট করে। এ সময় দস্যুদের মারধরে ১৮ জেলে আহত হন।এদিকে গত বৃহস্পতিবার রাতে মাছ নিয়ে কক্সবাজারে ফেরার পথে দুটি ট্রলার লুট হয়। লুণ্ঠিত ট্রলারের মালিক মনু মিয়া বলেন, জলদস্যুরা অস্ত্রের মুখে ১২ জেলেকে জিম্মি করে প্রথমে মারধর এবং পরে সাগরে নিক্ষেপ করে ট্রলারটি নিয়ে যায়। জেলেদের উদ্ধার করা হলেও গতকাল রোববার বিকেল পর্যন্ত ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।কুতুবদিয়ার আমজাখালী গ্রামের নুর আহমদ অভিযোগ করেন, ৭ নভেম্বর উপকূলে ফেরার পথে সাগরের কাইলারধার চ্যানেলে জলদস্যুরা তাঁর একটি ট্রলারের ২০ জেলেকে জিম্মি করে প্রায় তিন লাখ টাকার মাছ লুট করে। এ সময় আরও পাঁচটি ট্রলারে লুটপাট করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে বলেন, টেকনাফ, সেন্ট মার্টিন, বাহারছড়া, মনখালী, সোনাদিয়া, মহেশখালী, কুতুবদিয়া উপকূলে ২ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ১০ দিনে আরও ২২টি ট্রলারে লুটপাট হয়েছে।কক্সবাজার জেলা বোটমালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান অভিযোগ করেন, জেলার বিভিন্ন স্থানে ৩৪টির বেশি ট্রলারে হামলা চালিয়ে গত ১০ দিনে দুই কোটি টাকার মাছ ও জাল লুট করা হয়েছে। সুন্দরবন এলাকার একাধিক জলদস্যু বাহিনী গত এক মাসে কক্সবাজারের অর্ধশতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে। দস্যুরা এখন ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করছে।কয়েকজন ট্রলারমালিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, উপকূলের ১২০ কিলোমিটার এলাকাজুড়ে লুটপাট চালাচ্ছে বজল, তালেব, রসিদ, নাগু, টিয়া, জিয়া বাহিনীসহ ১৫টি দস্যুদলের চার শতাধিক দস্যু। এদের বেশির ভাগই মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, এসব ঘটনায় পুলিশের কিছু করার থাকে না। কারণ, সাগরে নেমে জলদস্যুদের প্রতিরোধ করার মতো জলযান পুলিশের নেই।