কক্সবাজার উপকূলে ৭ হাজার ট্রলারের মাছ ধরা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈরী পরিবেশের কারণে সাগর উত্তাল হয়ে পড়ায় কক্সবাজারের প্রায় সাত হাজার ট্রলারের মাছ ধরা কয়েক দিন ধরে বন্ধ রয়েছে। ফলে স্থানীয় হাটবাজারে মাছের আকাল দেখা দিয়েছে।গতকাল শুক্রবার চড়া দামে বাজারে বিক্রি হয়েছে পুকুর ও ঘেরের মাছ। ফলে রোজার প্রথম দিনের কেনাকাটায় লোকজনকে নাকাল পরিস্থির সম্মুখীন হতে হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় শহরের বিমানবন্দর সড়কের কালামিয়া বাজারে গিয়ে দেখা গেছে, বেশ কিছু লইট্যা, ছিটকিরি, মাইট্যা, রাঙ্গাচকি ও ছোট ছোট জাটকা ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে। প্রতি কেজি লইট্যা ও ছিটকিরি ১৩০ টাকা। যা গত বুধবার বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি মাইট্যা ও রাঙ্গাচকি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়।অন্যদিকে পুকুর ও ঘেরের তেলাপিয়া ১৩০ থেকে ২১০ টাকা, বাটা ৩৬০ থেকে ৪৫০ টাকা, টেংরা ৩৮০ থেকে ৪৫০ টাকা, পাঙ্গাশ ১৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য ছোট মাছ আগের তুলনায় ১৪০ থেকে ১৫০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। কলেজশিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, আজ থেকে রোজা শুরু, তাই পরিকল্পিতভাবে মাছের দাম বাড়িয়ে বিক্রি হচ্ছে। প্রতি কেজি মাছের দাম ১০০ থেকে ১২০ টাকা বাড়িয়ে আদায় করা হচ্ছে। এসব তদারকির কেউ নেই। কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, জুন-জুলাই মাসে সাগর প্রচণ্ড রকম উত্তাল থাকে। এ কারণে বহু ট্রলার সাগরে নামতে পারছে না। ফলে মাছের এই আকাল দেখা দিচ্ছে।কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, বৈরী পরিবেশের কারণে গত কয়েক দিন ধরে জেলার টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়াসহ বিভিন্ন উপকূলের সাত হাজারের বেশি ট্রলারের মাছ ধরা বন্ধ রয়েছে। তা ছাড়া সাগর উত্তাল থাকায় সাগরে তেমন মাছও পাওয়া যাচ্ছে না। তাই মাছের সংকট দেখা দিয়েছে।