কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও সামুদ্রিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে কক্সবাজার উপকূলের সাতটি উপজেলার ৮২ গ্রামের লাখ মানুষের ঘরবাড়ি। কিছুদিন আগের জলোচ্ছ্বাসে বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে লোকজনের বসতবাড়ি প্লাবিত হয়েছে।পাউবো সূত্র জানায়, ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়া উপজেলার ৮২টি গ্রামের লাখ মানুষের ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে।স্থানীয় লোকজন জানান, ভারী বর্ষণ ও সামুদ্রিক জোয়ারে চার দিন ধরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, মাঝরপাড়া, কোনাপাড়া, ঘোলাপাড়াসহ ১০টি গ্রামের শত শত মানুষের বসতবাড়ি প্লাবিত হয়েছে।কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আকতার কামাল জানান, শহরের সমুদ্র উপকূলের গ্রাম নাজিরারটেক, সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, ফদনারডেইল, উত্তর নুনিয়াছটার কয়েক শ ঘরবাড়িতে পানি উঠে গেছে। কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, জোয়ারের পানিতে উপজেলার আলী আকবর ডেইল, লেমশীখালী, বড়ঘোপ, কৈয়াবিল, উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দ্বীপের চতুর্দিকে পাউবোর প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১৭ কিলোমিটারের বেশি বেড়িবাঁধ ভাঙা অবস্থায় রয়েছে। ওই সব ভাঙা স্থান দিয়ে জোয়ারের পানি ঢুকে ২১টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মঈনুদ্দিন জানান, এই মুহূর্তে ভাঙা বেড়িবাঁধ সংস্কার করা সম্ভব নয়। কারণ বর্ষার উত্তাল সাগরে বাঁধ নির্মাণ করে টিকিয়ে রাখা যাবে না।অন্যদিকে, ভারী বর্ষণের ফলে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে ধসে পড়ছে বসতবাড়ি। এ কারণে কক্সবাজার শহরের বিভিন্ন পাহাড়ে অবস্থানরত কয়েক হাজার বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে। বর্ষণের ফলে একাধিক পাহাড়ও ধসে পড়ছে। গত বুধবার সকাল নয়টার দিকে শহরের পাহাড়তলী এলাকায় পাহাড় ধসে নূর ফাতেমা নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয় তার বড় বোন কোহিনূর আক্তার (৮)।দুই শিশুর বাবা জাকের শাহ জানান, বৃষ্টির সময় কতিপয় লোক পাহাড় কাটা শুরু করেছে। এতে করে পাহাড় ধসে পড়ে তাঁর বাড়ির ওপর। মাটি চাপা পড়ে তাঁর দুই মেয়ে হতাহত হয়।কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কষ্ণ দাশ জানান, পাহাড় কাটা বন্ধে বন বিভাগ তৎপর রয়েছে।