কক্সবাজার ও কুষ্টিয়ায় অভিযোগ গঠনের দিন ধার্য
বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলায় কক্সবাজারের টেকনাফে ৪২ রাইফেল ব্যাটালিয়নের ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে আগামী ২৩ জানুয়ারি। এ ছাড়া কুষ্টিয়ায় মিরপুর সেক্টর এবং ৩৫ ও ৩২ রাইফেল ব্যাটালিয়নের মোট ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে যথাক্রমে আগামী ২০, ২১ ও ২২ ডিসেম্বর।কক্সবাজার সদরের ১৭ রাইফেল ব্যাটালিয়নের দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৬-এর দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায়। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি বিডিআর সেক্টরের কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম।আদালতের কৌঁসুলি ও টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোজাম্মেল হোসেন ৫১ আসামির বিরুদ্ধে আনা অভিযোগের বর্ণনা দেন। তিনি আদালতকে বলেন, ‘ঘটনার দিন ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে সিগনাল ম্যান আরিফ মিয়া গুজব ছড়িয়ে দেন, কর্মকর্তারা পালাচ্ছেন। এরপর সেপাই বেলাল হোসেন, শরিফুল ইসলাম, রমিজ উদ্দিনসহ অভিযুক্ত অন্যরা সংগঠিত হয়ে ব্যাটালিয়নের অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করেন। তাঁরা ব্যাটালিয়ন সদর দপ্তরের ভেতরে এবং সামনের সড়কে ফাঁকা গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। তাঁরা ব্যাটালিয়নের ভেতরে কর্মকর্তাদের জিম্মি করে ফেলেন। পরে রাতের আঁধারে পালিয়ে কর্মকর্তারা প্রাণ রক্ষা করেন। তাই এই আসামিদের সহানুভূতি চাওয়ার কোনো অধিকার নেই।এরপর আদালতের সভাপতি অভিযুক্ত আসামিদের আগামী কার্যদিবসে আদালতে হাজির থাকার নির্দেশ দেন এবং মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করেন আগামী বছরের ২৩ জানুয়ারি।আদালতের বিচারকমণ্ডলী জানান, অভিযুক্ত সেপাইরা আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবী নিয়োগ অথবা নিজস্ব বাহিনীর কর্মকর্তাদের মধ্য থেকে ‘ফ্রেন্ড অব দি অ্যাকিউজড’ মনোনীত করতে পারবেন। এরপর আদালতের কার্যক্রম আগামী ২৩ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।কুষ্টিয়া: কুষ্টিয়া বিডিআর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৭-এ গতকাল বিচারকাজ শুরু হয় সকাল নয়টায়। এর আগে অভিযুক্ত ৭৩ জনকে হাতকড়া পরিয়ে আদালতে বাইরে মাঠে হাজির করা হয়।প্রথমে কুষ্টিয়া সেক্টরের অভিযুক্ত ১৫ জনকে আদালতের ভেতর নেওয়া হয়। আদালতের সভাপতি ও কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার তাঁদের উপস্থিতি নিশ্চিত করেন। এরপর মামলার কৌঁসুলি সেক্টরের জি-২ মেজর সৈয়দ ফজলে হোসেন ১৫ জনের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। পরে আদালত আগামী ২০ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করে ওই দিন অভিযুক্ত ব্যক্তিদের আদালতে হাজির করার নির্দেশ দেন। ওই দিন সকাল সাড়ে আটটা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।দ্বিতীয় পর্বে সকাল নয়টা ৪৫ মিনিটে একই আদালতে ৩২ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৪০ জনকে হাজির করার হয়। এরপর ওই ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার আইনুল জামাল তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। আদালতের সভাপতি আগামী ২২ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করে ওই দিন সকাল আটটা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন। তৃতীয় পর্বে চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ১৮ জনকে আদালতে নেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান মামলার কৌঁসুলি মেজর আহসান আহমেদ। আদালত একইভাবে তাঁদেরও আগামী ২১ ডিসেম্বর আদালতে হাজির করতে নির্দেশ দিয়ে ওই দিন অভিযোগ গঠনের দিন ধার্য করেন। এরপর আদালত মুলতবি ঘোষণা করা হয়।