কক্সবাজার ও কুষ্টিয়ায় ডুবে যাওয়া তিন ছাত্রের লাশ উদ্ধার
ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে নদীতে এবং সাগরে ডুবে নিখোঁজ তিন স্কুল ও কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার এবং গতকাল শুক্রবার। এদিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া এক ছাত্রের হদিস চার দিনেও পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট জেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে গত মঙ্গলবার নৌকাডুবির ঘটনায় চার শিশু নিখোঁজ হয়। এর মধ্যে তিনজনের লাশ আগে উদ্ধার করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আনোয়ার সাদেক (১৪) নামে অপর ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সে টেকনাফ মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
এদিকে নিখোঁজ হওয়ার চার দিন পর গতকাল সকালে ঢাকার কলেজছাত্র সুদীপ্ত দের (১৮) লাশ কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ১১ কিলোমিটার দূরে মহেশখালী উপজেলার সোনাদিয়া চরে ভেসে ওঠে। ঈদের পরদিন সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন সুদীপ্ত। তিনি ঢাকার পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর নয়ন ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে গতকাল সকালে।
এদিকে মুন্সিগঞ্জের মাওয়া পুরোনো ফেরিঘাট এলাকায় মঙ্গলবার পদ্মা নদীতে গোসল করতে নেমে শেখ মো. হাসান (১৮) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়। গতকাল পর্যন্ত চার দিন পেরোলেও তাঁর কোনো হদিস পাওয়া যায়নি।