কক্সবাজার ও চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এদিকে লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কক্সবাজার: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল ছয়টার দিকে কক্সবাজার শহরতলির জানানঘোনা এলাকায় ঢাকা থেকে আসা একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ১০ যাত্রী আহত হন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মাইক্রোবাসের চালক মিন্টু বড়ুয়া ও যাত্রী স্বপ্না দাশকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, আহত আট যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড: স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছোট কুমিরা বাইপাস এলাকায় গতকাল সকালে নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪৮) নিহত হন। এই দুর্ঘটনায় আহত হন ২৪ জন। আহত ব্যক্তিদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নিজামুল ফাহামি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুর: প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় গাছের সঙ্গে একটি বাসের ধাক্কা লাগে। এতে বাসের কমপক্ষে ৩০ যাত্রী আহত হন। বাসটি পিরোজপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিল। আহত ব্যক্তিদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় জানান, আহত ব্যক্তিদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত ব্যক্তিদের সবার বাড়ি পিরোজপুর, ভোলা ও বরিশালে।