কক্সবাজার ও নরসিংদীতে সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। কক্সবাজারের উখিয়ায় ইয়াবা পাচার ও চিংড়িঘেরের চাঁদার টাকা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। সে ছাত্রলীগের স্কুল কমিটির সভাপতি ছিল। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে যুবলীগের সাবেক এক নেতাকে তাঁর বাড়ির সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
গতকাল সোমবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে হতাহতের ওই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বাঁশগাড়ী ইউনিয়নের রাজনগর গ্রামের জয়নাল মিয়া (২৩) এবং একই ইউনিয়নের সোবহানপুর গ্রামের আরশ আলী (২৪)। নিহত ব্যক্তিরা হাফিজুর রহমানের সমর্থক। এক বছরের ব্যবধানে পক্ষ দুটির মধ্যে সংঘর্ষে এ নিয়ে ছয়জন প্রাণ হারালেন।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, সর্বশেষ বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ছিলেন হাফিজুর রহমান। তিনি দলীয় প্রার্থী হলেও স্থানীয় সাংসদ রাজিউদ্দিন আহমেদ তাঁর পক্ষে ছিলেন না। সাংসদের পছন্দের প্রার্থী ছিলেন সিরাজুল হক। নির্বাচনে সিরাজুল জয়ী হন। এরপর থেকে পক্ষ দুটির মধ্যে অন্তত আটবার সংঘর্ষ হয়। এখন পর্যন্ত হাফিজুর পক্ষের চারজন এবং সিরাজুল পক্ষের দুজন নিহত হয়েছেন।
গত রোববার দুপুরে সিরাজুলের লোকজন আগ্নেয়াস্ত্র ও টেঁটা নিয়ে এলাকায় নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা চালান। তখন হাফিজুরের সমর্থকেরা আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষকে প্রতিহত করতে মাঠে নামেন। সংঘর্ষের একপর্যায়ে জয়নাল ও আরশ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সংঘর্ষে হাফিজুর পক্ষের ১০টি এবং সিরাজুল পক্ষের ৯টি ঘরে অগ্নিসংযোগ করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, পক্ষ দুটির মধ্যে সংঘর্ষের মূল কারণ আধিপত্য বিস্তার। সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কক্সবাজারের উখিয়া উপজেলার বটতলী গ্রামে গত রোববার রাতে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে ওই কিশোর নিহত হয়। তার নাম মুজিবুর রহমান ওরফে জাবু (১৬)। সে উপজেলার পালংখালী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ওই বিদ্যালয়ে ছাত্রলীগের (স্কুল কমিটি) সভাপতি ছিল। পুলিশ বলছে, ইয়াবা পাচার ও চিংড়িঘেরের চাঁদার টাকা নিয়ে বিরোধের কারণে ওই সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন ইউনুছ ওরফে বাপ্পী (১৭) ও স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন (৪৫)। দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মুজিবুরের বাড়ি পালংখালী ইউনিয়নের ফারিরবিল গ্রামে। হত্যার ঘটনায় রোববার রাত সাড়ে নয়টার দিকে ছাত্রলীগের ক্ষুব্ধ নেতা-কর্মীরা টেকনাফ-কক্সবাজার সড়কের উখিয়ার পালংখালী এলাকায় টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে উখিয়া থানার ওসি মো. আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নিহতের চাচা সুলতান আহমদ বলেন, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এলাকার এক ইউপি সদস্য প্রার্থীর সঙ্গে মুজিবুরের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। প্রতিপক্ষ দলের অনেকে ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ বাড়ির সামনে থেকে যুবলীগের ওই নেতার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গোলাম মোস্তফা উপজেলার করেরহাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। গতকাল ভোরে ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে নিজ বাড়ির সামনে তাঁর লাশ পাওয়া যায়।
গত রোববার রাত ১২টা থেকে গতকাল ভোর ৫টার মধ্যে কোনো এক সময় যুবলীগের ওই নেতাকে বাড়ির সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বলে পুলিশ জানায়। গোলাম মোস্তফা মুরগির খামার ও বালুমহালের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। নিহতের পরিবার জানায়, রোববার রাতে ব্যবসার কাজে বাড়ির বাইরে ছিলেন। ভোর পাঁচটার দিকে তাঁর মেয়ে বাড়ির উঠানে বাবার লাশ দেখতে পায়।