কক্সবাজার ও পটিয়ায় সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার কক্সবাজার ও চট্টগ্রামের পটিয়ায় সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিএনপি।
কক্সবাজার: দুপুর থেকে শহরের প্রধান সড়কে খণ্ড খণ্ড মিছিল করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিকেলে শহরের শহীদ দৌলত ময়দানে (পাবলিক হল) সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে আহমদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তফা।
জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদের সভাপতিত্বে পৃথক সমাবেশে বক্তব্য দেন সাংসদ সাইমুম সওরয়ার ও আশেক উল্লাহ রফিক।
এদিকে জেলা বিএনপির উদ্যোগে শহরে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ লুৎফর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা, সহসভাপতি রফিকুল হুদা চৌধুরী, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ।
এর আগে বিএনপি শহরে মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, প্রধান সড়কে দুই দল বিক্ষোভ মিছিল করলে সংঘর্ষের আশঙ্কা ছিল, তাই কাউকে মিছিল করতে দেওয়া হয়নি।
পটিয়া (চট্টগ্রাম): বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পটিয়া সদরের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য দেবব্রত দাশ।
এদিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ ও পৌরসভা নির্বাচনে ‘ভোট ডাকাতির’ প্রতিবাদে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিকেলে পটিয়া কলেজ গেট এলাকায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ হয়। উপজেলা বিএনপির একাংশের সভাপতি আবদুল জলিলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম।