কক্সবাজার ও পাবনায় জামায়াত-শিবিরের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার
কক্সবাজার ও পাবনা শহর থেকে গত দুই দিনে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত বুধবার কক্সবাজার থেকে ছাত্রশিবিরের নয়জন এবং গতকাল বৃহস্পতিবার পাবনা থেকে সদর উপজেলা জামায়াতের আমির আবদুল গফফারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, কক্সবাজার সরকারি কলেজে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বুধবার গভীর রাতে কলেজের পেছনে ছাত্রাবাস ও আশপাশের কয়েকটি ব্যক্তিমালিকানাধীন মেস থেকে ছাত্রশিবিরের নয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গুরুতর আঘাত, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে।ছাত্রশিবিরের কক্সবাজার জেলা শাখার সভাপতি দরবেশ আলী মুহাম্মদ আরমান জানান, পুলিশ শুধু ছাত্রশিবিরের নিরীহ কিছু কর্মীকে গ্রেপ্তার করেছে।পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোজাফ্ফর হোসেন জানান, গতকাল দুপুর একটার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে জামায়াত ও ছাত্রশিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম জানান, ৯ জুলাই ঈশ্বরদীর পাকশী মেরিন পাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার হওয়া জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা ওই হত্যার সঙ্গে জড়িত। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।