কক্সবাজার ও বরিশালে দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ও বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টায় ও দুপুর ১২টায় কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে এবং বরিশালের উজিরপুর উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে বেলা ১১টায় মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. মেহেদী হাসান (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। মেহেদী হাসান উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া গ্রামের জাফর আলমের ছেলে।

পুলিশ-প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কানজরপাড়া বাজারে যাচ্ছিলেন মেহেদী হাসান। কানজরপাড়া মোড়ে পৌঁছালে টেকনাফগামী একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মেহেদী হাসান। পরে স্থানীয় লোকজন অটোরিকশাটির চালক আবদুল সাত্তারকে (৩০) আটক করেন। খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক রাজু কান্তি দাশ ঘটনাস্থলে এসে যান দুটি আটক করেন। গাড়িচালক পুলিশ হেফাজতে রয়েছেন।

পরে রাজু কান্তি দাশ প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মারা যান। তাঁর লাশ ও যান দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে সোনার বাংলা বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আজ দুপুর ১২টার দিকে বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি বাসের যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন। পুলিশ বাস ও ট্রাক আটক করেছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুপুর ১২টার দিকে সোনার বাংলা বাজার এলাকায় ঢাকাগামী দূরপাল্লার বাস ঈগল পরিবহনের সঙ্গে বরিশালগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। আহত ১১ জনের মধ্যে ৭ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করেছে।