কক্সবাজার ও মাধবপুরে দুই খুন
কক্সবাজারে একটি আবাসিক হোটেলে গত শুক্রবার এক তরুণী খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই হোটেলের ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে। একই দিন হবিগঞ্জের মাধবপুরে এক গৃহবধূ খুন হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:কক্সবাজার: ১৪ অক্টোবর সকাল আটটায় নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা পরিচয় দিয়ে শামীম নামের এক যুবক কক্সবাজার শহরের সৈকতে কলাতলীর ঢাকা কটেজের ১০২ নম্বর কক্ষে ওঠেন। কটেজের খাতায় তাঁদের ঠিকানা লেখা হয় শামীম আহমদ (২৭), পিতা-আবদুল লতিফ ও স্ত্রী রোকেয়া বেগম (২২), নারায়ণগঞ্জ-ঢাকা। কটেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে শামীম ও ওই তরুণী কটেজে ওঠেন। গত শুক্রবার সকাল নয়টায় শামীমের সঙ্গে ওই তরুণী বেরিয়ে যান এবং বিকেলে কক্ষে ফিরে আসেন। সন্ধ্যার দিকে কক্ষের দরজায় তালা ঝোলানো দেখে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং জানালা দিয়ে ভেতরে উঁকি মেরে তরুণীর লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ কটেজের ব্যবস্থাপক আমির হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে।কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শ্বাস রোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। তরুণীর গলা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।মাধবপুর: উপজেলার কড়রা গ্রামে শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা জরিনা বেগম নামের তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে (৩০) জবাই করে হত্যা করেছে। নিহত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বছর আগে ওই গ্রামের মৃত তারা মিয়ার মেয়ে জরিনা বেগমকে শায়েস্তাগঞ্জ এলাকার ফরিদ মিয়া বিয়ে করেন। জরিনা স্বামীকে নিয়ে বাবার বাড়িতেই বাস করতেন। শুক্রবার সন্ধ্যায় জরিনা তাঁর চাচাতো ভাই মৃত অলিদ মিয়ার ঘরে যাওয়ার উদ্দেশে বের হন। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন ওই গ্রামের চৌধুরীবাড়ির একটি পুকুরে পাশের জমিতে জরিনার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে।