কক্সবাজার ও রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালন
বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গতকাল সোমবার সকাল ১০টায় শুরু হয় শহরের ২০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থীর ছবি আঁকা প্রতিযোগিতা। বালুচরে পুঁতে রাখা চেয়ারে বসে নানা জন নানা রকমের ছবি আঁকছিল।কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদ উদ্দিন (১৪) সৈকতের পাশের পাহাড় কাটা ও সৈকতের কাঁকড়া, কচ্ছপ, গাছপালা ধ্বংসের ছবি আঁকছিল। কারণ জানতে চাইলে রাসেদের উত্তর, ‘জানেন না, আজ বিশ্ব পর্যটন দিবস? দিবসের প্রতিপাদ্য বিষয় “পর্যটন ও জীববৈচিত্র্য”। তাই এসব নিয়েই ছবি আঁকছি।’বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন প্রথমবারের মতো সৈকতে ছবি আঁকার এই প্রতিযোগিতার আয়োজন করে। দুপুরে শিক্ষার্থীরা পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য ত্রিপুরা, মারমা, রাখাইন ও শিখ সম্প্রদায়ের ‘বর-কনে’ সেজে সৈকতে ঘুরে বেড়ায়।সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদের নেতৃত্বে প্রধান সড়কে পর্যটন দিবসের বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সৈকত সড়ক হয়ে লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে আয়োজন করা হয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসন ও পর্যটন করপোরেশনের যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, রাঙামাটির পর্যটনশিল্প দীর্ঘদিন অবহেলিত থাকলেও এখন বিকাশমান অবস্থায় এসেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিশ্বজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী। এর আগে স্থানীয় পৌরসভা চত্বর থেকে জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।