ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নাপিতখালী এলাকায় বাসের ধাক্কায় তিনজন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের টেরিয়াইল বাজার এলাকায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার নাপিতখালী এলাকায় গতকাল সকাল সাতটার দিকে সবজিবোঝাই তিন চাকার একটি নছিমন (ট্রলি) বিকল হয়ে পড়ে। ওই সময় নুরুল ইসলাম ও মো. জসিম উদ্দিন বিকল ট্রলিটিকে পেছন থেকে ঠেলে চকরিয়ার দিকে নিচ্ছিলেন। চালকের আসনে ছিলেন ট্রলির মালিক সাইফুল ইসলাম (২৮)। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী দ্রুতগতির একটি বাস ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন নুরুল ইসলাম (৪৫) ও জসিম উদ্দিনকে (৩০) উদ্ধার করে চকরিয়ার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন। সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। নিহত তিনজনের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী গ্রামে।
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তিনটি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
সীতাকুণ্ডে শিশু নিহত: চট্টগ্রামের সীতাকুণ্ডের টেরিয়াইল বাজার এলাকায় বাসের ধাক্কায় সুমাইয়া আক্তার (৮) নামের একটি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ফাহিমা আক্তার (৭) নামের আরেক শিশু। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে টেরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. বছির উদ্দীন বলেন, শিশু সুমাইয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।