কক্সবাজার কমার্স কলেজের নতুন ক্যাম্পাস চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ক্যাম্পাসে শুরু হলো কক্সবাজার কমার্স কলেজের শিক্ষা কার্যক্রম। গতকাল সোমবার কক্সবাজার শহরের কাছে খুরুশকুলের কুলিয়াপাড়া এলাকায় কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার।
২০০৮ সালে শহরের উত্তর তারাবনিয়ারছড়ার ভাড়া ভবনে কক্সবাজার কমার্স কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এরপর কলেজের ভবন তৈরির জন্য কুলিয়াপাড়ায় ১০০ শতক জমি কিনে দোতলা ভবন নির্মাণ করা হয়।
নতুন ক্যাম্পাসের উদ্বোধনের দিন ছিল এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ সাইমুম সরওয়ার।
কমার্স কলেজের অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুর রহিম, কলেজ পরিচালনা কমিটির সদস্য আবু তাহের, আ ম ম জহির, কলেজের সহকারী অধ্যাপক নসরুল্লাহ খান, শিক্ষক নার্গিস রনি।