কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কজুড়ে অবৈধ বালুর ব্যবসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সংরক্ষিত বনের বিভিন্ন ছড়া, খালসহ প্রাকৃতিক উৎস্য থেকে অবৈধভাবে আহরণ করা হচ্ছে লাখ লাখ টন বালু।কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজার অংশের ৭৭ কিলোমিটারজুড়ে (সড়কের পাশে স্তূপ করে) চলছে অবৈধ বালুর ব্যবসা। মহাসড়কের অর্ধেক অংশ বালু ও বালুবোঝাই ট্রাকের দখলে থাকায় সড়ক সংকুচিত হয়ে যানবাহন চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। গতকাল রোববার সকালে মহাসড়কের রামু উপজেলার পানিরছড়া, কলঘর, চা-বাগান; সদর উপজেলার ঈদগাঁও; চকরিয়ার খুটাখালী, ঢুলাহাজারা, মালুমঘাটসহ অন্তত ৪০টির বেশি স্থানে (মহাসড়কের দুই পাশে) বালুর মজুদ করে বেচাবিক্রি করতে দেখা গেছে। মহাসড়কের অর্ধেক অংশে ট্রাক দাঁড় করিয়ে সেই বালু বোঝাই করা হচ্ছে। এ সময় দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। যানবাহনগুলোকে থেমে থেমে ওই স্থান অতিক্রম করতে হচ্ছে।এস আলম পরিবহনের চালক আহমদ হোসেন (৪৫) বলেন, মহাসড়কে দ্রুতগতির যানবাহন চলাচল করে। এ কারণে লক্কড়ঝক্কড় মার্কা গাড়ি এই সড়কে চলাচল নিষিদ্ধ হলেও সড়কের দুই পাশ বালু ও মুরগির বিষ্টা মজুদ করে ব্যবসায়ীরা দখল করে রাখেন। বিশেষ করে বালু বোঝাই করার সময় অসংখ্য ট্রাক সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। এ সময় বাকি অর্ধেক সড়ক দিয়ে দুটি গাড়ি ক্রস হওয়া যায় না। ফলে তিন ঘণ্টার মহাসড়ক অতিক্রম করতে পাঁচ ঘণ্টা লাগছে।রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুসরাত জাহান বলেন, তাঁর উপজেলার বাঁকখালী নদী, খুনিয়াপালং, চাকমারকুল, পানেরছড়া, পানিরছড়া, টুট্যংগ্যাছড়া, রাজারকুল, জামছড়ি, গর্জনিয়াসহ ১৫টি পাহাড়ি ছড়া ও খাল থেকে প্রতিদিন বালু তোলা হচ্ছে। এই বালু মহাসড়কের পাশে মজুদ করে তা বেচাবিক্রি হচ্ছে। মহাসড়কের দুই পাশে বালু রাখায় সড়কের অর্ধেক অংশ সংকুচিত হচ্ছে। এতে সড়ক দুর্ঘটনা বাড়ছে।এর সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম বলেন, মহাসড়কের দুই পাশে মজুদ বালু সরানোর জন্য দু-এক দিনের মধ্যে অভিযান শুরু করা হবে। এ ব্যাপারে গতকাল উপজেলা পরিষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ ব্যাপারে বন বিভাগের তৎপর হওয়া দরকার। কক্সবাজার (উত্তর) বন বিভাগের চকরিয়ার ফুলছড়ি বন রেঞ্জ কর্মকর্তা ভুপেষ চন্দ্র মুখার্জি বলেন, খুটাখালী, নাপিতখালী, মালুমঘাট, ডুলাহাজারাসহ বিভিন্ন খাল দিয়ে প্রতিদিন বালু তোলা হচ্ছে ঠিক, কিন্তু এসব নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। পাহাড় থেকে এই বালু বৃষ্টির পানিতে ভেসে খালে চলে আসে। খালের মালিক ভূমি মন্ত্রণালয়। তা ছাড়া অবৈধ বালু মহাসড়কের পাশে মজুদ করায় নানা সমস্যা হচ্ছে। মহাসড়কের উত্তর মেধাকচ্ছপিয়া এলাকায় এখনো বিপুল পরিমাণ মুরগির বিষ্টা ও বালু মজুদ রয়েছে। এসব উচ্ছেদের জন্য চকরিয়ার ইউএনওকে বলা হয়েছে।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মো. জাকির হোসেন বলেন, দুই মাস আগেও অভিযান চালিয়ে মহাসড়কের দুই পাশে স্তূপ করে রাখা বালু জব্দ ও উচ্ছেদ করা হয়েছিল। সহসা এখন মহাসড়কের পাশে মজুদ রাখা বালুও উচ্ছেদ করা হবে।পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, সংরক্ষিত পাহাড় ও প্রাকৃতিক উৎস থেকে অব্যাহতভাবে বালু উত্তোলন করায় পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি এলাকাও বিলীন হচ্ছে। কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বেহালদশা ও মহাসড়কের দুই পাশে বালুর অবৈধ ব্যবসা দেখার জন্য যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদেরকে একবার এদিকে আসা দরকার। পাহাড় কাটা বন্ধ হলে বালুর ব্যবসাও কমে যেত।