কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গতকাল সোমবার সকালে কলেজছাত্র ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ‘হামলা’ ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে গতকাল বেলা ১১টা থেকে পরিবহন শ্রমিকেরা কক্সবাজার-টেকনাফ ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেন। এতে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকেরা বাড়ি ফেরার পথে দুর্ভোগে পড়ে। রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল।এদিকে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত কক্সবাজার সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র জিয়াউর রহমান ও মিজানুর রহমান এবং বাসমালিক জসিম উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কলেজছাত্র মিজানুর রহমানের ভাষ্যমতে, গতকাল সকাল নয়টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে কক্সবাজার আসার জন্য তিনি একটি মিনিবাসে ওঠার চেষ্টা করে। কিন্তু ওঠার সময় বাসের চালকের সহকারী (হেলপার) তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। অন্য একটি বাসে কক্সবাজার পৌঁছার পর তিনি কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে ওই বাসের সহকারীর কাছে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণ জানতে চান। এ সময় বাসের চালক ও সহকারী অন্য শ্রমিকদের সহায়তায় তাকে অবরুদ্ধ করে রাখেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, মিজানকে আটকে রাখা হয়েছে—এ খবর ছড়িয়ে পড়লে শহরের রুমালির ছড়ায় অবস্থিত সিটি কলেজ থেকে একদল শিক্ষার্থী কক্সবাজারের কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে গাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হয়। এ সময় ১০টি বাস ও টিকিট বিক্রির কাউন্টারও ভাঙচুর করা হয়। কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক মনোজ কুমার বলেন, উভয় পক্ষের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে শ্রমিকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন। কক্সবাজার জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, ছাত্ররা হামলা চালিয়ে ১০টি গাড়ি ভাঙচুর করেছে। হামলায় ১০ জন পরিবহন শ্রমিক ও বাসমালিক আহত হয়েছেন।সড়ক পরিবহন মালিক সমিতি ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জানান, গাড়ি ভাঙচুরকারীদের গ্রেপ্তার করা না হলে ওই দুটি মহাসড়কে মঙ্গলবার (আজ) সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হবে। এ প্রসঙ্গে কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যা-থিংঅং বলেন, শ্রমিকেরা ছাত্রদের ওপর হামলা চালানোর পর উল্টো তাদেরই গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালালেও বাসমালিকেরা সাড়া দিচ্ছেন না।