কক্সবাজার জাপায় চলছে বহিষ্কার-পাল্টা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক অবস্থা এমনিতে দুর্বল। তার ওপর এখন চলছে নেতাদের বহিষ্কার-পাল্টা বহিষ্কারের ঘটনা। এতে তৃণমূলের নেতা-কর্মীরা হতাশ।নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন নেতা জানান, ২০০৯ সালের অক্টোবরে অনুষ্ঠিত জেলা কমিটির সম্মেলনে সভাপতির পদে মৌলভি মো. ইলিয়াছ ও সাধারণ সম্পাদকের পদে মো. তারেক নির্বাচিত হলেও এ পর্যন্ত তাঁরা দলের জন্য কিছুই করতে পারেননি। বরং চকরিয়ার রামপুরা এলাকায় দরিদ্র মানুষের ১০ একরের চিংড়ির ঘের দখল, সমুদ্রসৈকতে নির্মিত দোকানপাট ভাগ-বাটোয়ারা, সৈকতের ছাতা ব্যবসার নিয়ন্ত্রণসহ নানা বিতর্কিত কাজে তাঁরা জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ জুলাই জেলা শহরের হোটেল সি-কুইনের সম্মেলন কক্ষে দলের এক তলবি সভায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। নতুন কমিটি না হওয়া পর্যন্ত দলের জেলা কমিটির সহসভাপতি কামাল উদ্দিন ও মেহেরুজ্জানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়।দলীয় সূত্র জানায়, এদিকে ‘বহিষ্কৃত’ সভাপতি ও সাধারণ সম্পাদক ১৪ আগস্ট সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দলের সহসভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুফিজুর রহমানকে পাল্টা বহিষ্কার করেন। এ নিয়ে দলের ভেতর তীব্র অসন্তোষ বিরাজ করছে। যেকোনো সময় দলের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য মুফিজুর রহমান জানান, তাঁকে বহিষ্কার করার ক্ষমতা জেলা কমিটির কারোর নেই। মূলত জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিতর্কিত কর্মকাণ্ডে দলের মারাত্মক ক্ষতি হচ্ছিল বলে তৃণমূলের নেতারা তলবি সভা ডেকে এই দুই নেতাকে অব্যাহতি দেন। ওই তলবি সভায় জেলা কমিটির ১১১ জন সদস্যের মধ্যে ৭২ জন উপস্থিত ছিলেন।জাপার নেতা কামাল উদ্দিন অভিযোগ করেন, ‘অব্যাহতি পাওয়া সভাপতি ও সাধারণ সম্পাদক দলের সাইনবোর্ড বিক্রি করে কোটিপতি বনেছেন। কিন্তু তাঁরা দলের জন্য ন্যূনতম কিছু করেননি। এমনকি, গত দুই বছরে একটি সভাও করেননি। সম্প্রতি স্থানীয় সাংসদ আবদুর রহমান ওরফে বদির পিটুনির শিকার হয়ে টেকনাফ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম এ মনজুর গুরুতর আহত হলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। সর্বত্রই নিন্দার ঝড় ওঠে। কিন্তু দলের সভাপতি ওই সাংসদের ব্যবসায়িক অংশীদার হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার জানান, তলবি সভা ডেকে সভাপতি ও সম্পাদককে অব্যাহতি দেওয়া না হলে দলের অস্তিত্বই থাকত না। এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ হয়েছে। বিতর্কিত দুই নেতাকে অব্যাহতির ঘটনায় কেন্দ্রীয় নেতৃত্ব খুশি।দলের সভাপতি মৌলভি মো. ইলিয়াছ বলেন, ‘তাঁদের বহিষ্কারের ক্ষমতা এখানকার কারও নেই। আগামী ১১ নভেম্বর পর্যন্ত এ কমিটির মেয়াদ রয়েছে। এর আগে নেতা হওয়ার সুযোগ কারও হবে না। মেয়াদের শেষে কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা-ই মেনে নেব।’ তিনি চিংড়ির ঘের দখল, সৈকতের দোকান নিয়ন্ত্রণসহ নানা অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।দলের সাধারণ সম্পাদক মো. তারেক একই দাবি করে বলেন, ‘এম এ মনজুরের ওপর হামলার পর আমরা সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছি। কিন্তু মহাজোটভুক্ত দল আওয়ামী লীগের সাংসদ হওয়ায় ঘটনাটির মীমাংসা করা হয়। এ নিয়ে দলের কিছু নেতা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’দলের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, দলের অভ্যন্তরে সাংগঠনিক সমস্যা থাকতেই পারে। এগুলো বড় ব্যাপার নয়। তবে ঈদের পর কমিটির পরিবর্তন করা হবে।