কক্সবাজার জেলা আওয়ামী লীগে নতুন নেতৃত্ব চান নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দলের ভারপ্রাপ্ত সভাপতি সারাক্ষণ আদালত নিয়ে ব্যস্ত থাকেন। তাঁর বয়স ওবামার (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট) বয়সের তিন গুণ। সাধারণ সম্পাদক ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন চট্টগ্রামে। নেতা-কর্মীদের প্রয়োজনের সময় তাঁদের খুঁজে পাওয়া যায় না। মেয়াদোত্তীর্ণ এই কমিটি দিয়ে কখনো ডিজিটাল বাংলাদেশ সম্ভব নয়। দলীয় সভানেত্রীর (শেখ হাসিনা) কাছে আমরা এসব অনিয়ম তুলে ধরে নতুন নেতৃত্ব গড়ে তোলার অনুরোধ জানাব।’কক্সবাজার জেলা আওয়ামী লীগের কমিটি ও নেতাদের নিয়ে ক্ষোভের কথা এভাবেই গতকাল মঙ্গলবার প্রথম আলোর কাছে তুলে ধরলেন কক্সবাজার পৌরসভা শাখা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান।দলীয় সূত্রে জানা গেছে, ১২ নভেম্বর শুক্রবার থেকে সারা দেশের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিনেই তিনি কক্সবাজারের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন।দলীয় নেতা-কর্মীরা জানান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে পাঁচ বছর আগে। মেয়াদোত্তীর্ণ এই কমিটি দুই বছর ধরে চলছে ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমেদ হোসেন এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে। মেয়াদ শেষ হয়ে যাওয়া নয়টি সাংগঠনিক উপজেলা কমিটির সম্মেলনও করে দিতে পারেনি এই কমিটি। ফলে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।জানা গেছে, দলীয় সভানেত্রীর সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন জেলা কমিটির সব সদস্য, উপদেষ্টামণ্ডলী, সব সহযোগী সংগঠনের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা পর্যায়ের সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় সাংসদসহ তৃণমূল পর্যায়ের দুই শতাধিক নেতা-কর্মী। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবনে’ আগামী শুক্রবার সকাল নয়টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ওই মতবিনিময় সভার প্রস্তুতির জন্য গত রোববার বিকেলে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিশেষ বর্ধিত সভা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতা জানান, জেলা কমিটির কয়েকজন নেতার ভূমিদস্যুতা, চাঁদাবাজি, থানার দালালি, মিথ্যা মামলা দিয়ে নিরীহ লোকজনকে হয়রানিসহ নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তাঁরা দলীয় সভানেত্রীকে অবহিত করবেন।জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রণজিত দাশ প্রথম আলোকে বলেন, ‘নেত্রীকে বলব কাউন্সিলের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব নতুন কমিটি গঠন করতে। কেননা, ‘পকেট কমিটি’ দিয়ে ডিজিটাল বাংলাদেশ হবে না।’ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ‘বর্তমান জেলা কমিটি দিয়ে কিচ্ছু হবে না। নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হলে বর্তমান কমিটি ভেঙে দিয়ে তিন মাসের মধ্যে নতুন কমিটি গঠন করতে হবে।’সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘যতক্ষণ পারি দলকে সময় দিই, নেতা-কর্মীদের সঙ্গে থাকি। ব্যবসা-বাণিজ্য না করলে চলব কী করে? চাঁদাবাজি করে পরিবার চালানোর মানুষ আমি নই।’নতুন নেতৃত্বের বিষয়ে সালাহ উদ্দিন বলেন, ‘আমরাও চাইছি সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে। নেত্রী যে সিদ্ধান্ত দেবেন, তাই হবে। তিনি (শেখ হাসিনা) অন্য কাউকে দায়িত্বে দিলে সাধুবাদ জানাব।’