কক্সবাজার জেলায় অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৫টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চারটি পৌরসভা (সদর, মহেশখালী, টেকনাফ ও চকরিয়া) নির্বাচনের জন্য স্থাপিত ৬৭টি ভোটকেন্দ্রের ৪৫টিই অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের দিন এসব কেন্দ্রে ব্যাপক গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে একাধিক মেয়র পদপ্রার্থী ঝুঁকিপুর্ণ কেন্দ্রগুলোয় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানালেও শেষ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ভোটকেন্দ্রগুলোর শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন বলে জানা গেছে।জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে সাগরদ্বীপ মহেশখালীর নয়টি কেন্দ্রকে। মহেশখালীর রিটার্নিং কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন জানান, অপরাধ ঘটানোর স্থল ও অবৈধ অস্ত্রের ব্যবহার এখানে বেশি বলে ভোটারদের মধ্যে এক ধরনের হতাশা ও আতঙ্ক বিরাজ করছে। পৌরসভার নয়টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে কঠোর নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করা হবে।টেকনাফ পৌরসভার নয়টি কেন্দ্রের মধ্যে আটটি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চারদলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইসমাঈল অভিযোগ করেন, আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি আচরণবিধি লঙ্ঘন করে নিজের চাচা মহাজোটের প্রার্থী মোহাম্মদ ইসলামের পক্ষে কাজ করছেন। সাংসদ অভিযোগ অস্বীকার করে উল্টো বলেন, ‘জামায়াতের এই প্রার্থী (ইসমাঈল) বহিরাগত শিবিরের ক্যাডার ও রোহিঙ্গা সন্ত্রাসীদের এলাকায় এনে অস্ত্রের মহড়া দিচ্ছেন।’চকরিয়া পৌরসভায় ১৮টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১২টি। কক্সবাজার সদর পৌরসভা নির্বাচনে চারদলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী সরওয়ার কামাল ২৩ জানুয়ারি সংবাদ সম্মেলন করে জানান, এই পৌরসভার ৩১টি কেন্দ্রের মধ্যে ১১টি অতি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে তিনি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, চারটি পৌরসভায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর পরও কেউ যদি নির্বাচনে গন্ডগোল, সন্ত্রাস সৃষ্টি বা ভোটের বাক্স ছিনতাইয়ের মতো দুঃসাহস দেখায় বা চেষ্টা করে, তাহলে তা প্রতিরোধের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত।