কক্সবাজার-টেকনাফ সড়কের ৪৩ কিলোমিটার বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার থাইংখালী থেকে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত ৪৩ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে।সূত্র জানায়, গত বর্ষা মৌসুমে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ৪৩ লাখ টাকা ব্যয় করা হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। গত ডিসেম্বরের শেষের দিকে ইটের খোয়া ও বালু দিয়ে সড়কের গর্তগুলো ভরাটের চেষ্টা করা হলেও বৃষ্টির পানিতে তা ধুয়ে যায়।স্থানীয় সূত্র জানায়, এই সড়ক দিয়ে বিভিন্ন যাত্রাপথের বাস চলাচল করে। এ ছাড়া মিয়ানমার থেকে আমদানি করা পণ্য এই সড়ক দিয়ে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়।সরেজমিনে দেখা যায়, মহাসড়কের শতাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যাত্রীবাহী বাসের চালক ছৈয়দ হোসেন ও ট্রাকচালক রশিদ আহমদ বলেন, সড়কের ৮৬ কিলোমিটার যেতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা। কিন্তু টেকনাফ-থাইংখালী ৪৩ কিলোমিটার যেতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা।স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সম্পাদক সাইফুল করিম বলেন, সরকার প্রতি মাসে টেকনাফ স্থলবন্দর থেকে পাঁচ থেকে আট কোটি টাকার রাজস্ব আদায় করে। এর পরও সড়কটির বিষয়ে কর্তৃপক্ষ উদাসীন। অবিলম্বে সড়ক উন্নয়নে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। কক্সবাজার জেলা বাস মালিক সমিতির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, সড়কের ৪৩ কিলোমিটার অংশ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই পথে চলতে গিয়ে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সড়ক ও জনপথ বিভাগের টেকনাফের উপসহকারী প্রকৌশলী আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, পর্যটনশিল্প ও সীমান্ত বাণিজ্যের কথা চিন্তা করে সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বলেন, সড়কটি সংস্কারের জন্য তিনি সম্প্রতি যোগাযোগমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মন্ত্রী তাঁকে শিগগিরই সংস্কারের আশ্বাস দিয়েছেন।