কক্সবাজার-টেকনাফ সড়কে ১১ ঘণ্টা যান চলাচল বন্ধ
কক্সবাজার-টেকনাফ সড়কে গতকাল বুধবার ভোর ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সেন্ট মার্টিন দ্বীপ ও টেকনাফ ভ্রমণে যাওয়া পর্যটকসহ হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ে। গত মঙ্গলবার রাতে টেকনাফ বাসস্ট্যান্ডে একজন বাসচালকের ওপর সন্ত্রাসী হামলার জের ধরে পরিবহনশ্রমিকেরা যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে যান চলাচল শুরু হয়।পুলিশ ও শ্রমিক সংগঠন সূত্র জানায়, মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে যাত্রীবাহী একটি বাস টেকনাফের উদ্দেশে রওনা দেয়। রাত নয়টার দিকে বাসটি টেকনাফের নাইট্যং পাড়ায় পৌঁছালে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল বাসটির গতিরোধের চেষ্টা করে। ডাকাত সন্দেহে বাসচালক জালাল আহমদ গাড়ি না থামিয়ে শহরের বাসস্টেশনে নিয়ে যান। এরপর জালাল আহমদ গাড়ি থেকে নেমে বাড়ি যাওয়ার পথে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় অন্য পরিবহনের শ্রমিকেরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। জালাল আহমদকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।