কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্প সরিয়ে হাতিয়ায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্প সরিয়ে বঙ্গোপসাগরের হাতিয়া দ্বীপে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।
সরকারের মিয়ানমার শরণার্থীবিষয়ক সেলের প্রধান অতিরিক্ত সচিব অমিত কুমার বল এএফপিকে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রোহিঙ্গা শরণার্থীদের হাতিয়া দ্বীপে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প অবশ্যই অন্যত্র সরিয়ে নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে ইতিমধ্যে বেশ কিছু অনানুষ্ঠানিক পদক্ষেপও নেওয়া হয়েছে।
সরকারের এ পরিকল্পনা বাতিল করতে অনুরোধ জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পের নেতা মোহাম্মদ ইসলাম। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘সরকারের এমন পদক্ষেপে রোহিঙ্গা শরণার্থীদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠতে পারে। আমরা চাই সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো এখান থেকেই সমস্যার সমাধান করুক।’
সরকারি তথ্য অনুযায়ী, কক্সবাজারে দুটি শরণার্থী ক্যাম্পে ৩২ হাজার নিবন্ধিত রোহিঙ্গা রয়েছেন। এসব রোহিঙ্গা মুসলিম মিয়ানমারের নাগরিক। নিজ দেশে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের সহিংসতার শিকার হয়ে বিভিন্ন সময়ে পালিয়ে তাঁরা বাংলাদেশে চলে এসেছেন। অমিত কুমার বল বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে কক্সবাজারে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হয়। এটি একটি উদ্বেগের বিষয়। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে সরকার পর্যটন খাতের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্প দুটিকে দূরের কোনো এলাকায় স্থানান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।
নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস বলেছেন, রোহিঙ্গা ক্যাম্প স্থানান্তরের জন্য হাতিয়া দ্বীপে ৫০০ একর জমি চিহ্নিত করা হয়েছে।
তবে মিয়ানমার সীমান্তের কাছে বাংলাদেশে বসবাসরত অনিবন্ধিত প্রায় দুই লাখ রোহিঙ্গা সরকারের এই পরিকল্পনার আওতায় নেই।
১৯৯১ সাল থেকে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সহায়তা দিয়ে আসা জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) রোহিঙ্গা ক্যাম্প স্থানান্তরে সরকারের পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।