১০ সংগঠনের মানববন্ধন ও সমাবেশ
কক্সবাজার পর্যন্ত রেলপথ প্রকল্প বাস্তবায়নে বাজেট বরাদ্দের দাবি
চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১২৮ কিলোমিটার রেলপথ সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নে আসন্ন জাতীয় বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে গতকাল বৃহস্পতিবার কক্সবাজারে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বেলা ১১টায় কক্সবাজার শহরের প্রধান সড়কে এসব কর্মসূচির আয়োজন করে ১০টি সংগঠন। পরে সংগঠনগুলোর উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে পর্যটন শহর কক্সবাজারের গুরুত্ব তুলে ধরে ওই রেললাইন প্রকল্প বাস্তবায়নে বাজেটে বরাদ্দ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সংগঠন ১০টি হচ্ছে: বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন-বাপার কক্সবাজার শাখা, কোস্ট ট্রাস্ট, গ্রিন কক্সবাজার, শব্দায়ন আবৃত্তি একাডেমি, পালস বাংলাদেশ, এক্সপাউরুল, সহায় ফাউন্ডেশন, এপেক্স ক্লাব, ডিসিআরডিসি ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কক্সবাজার শাখা। সমাবেশে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কক্সবাজার শাখার আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস বলেন, গত বছরের ৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার শহরের ঝিলংজা এলাকায় দোহাজারী-কক্সবাজার রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই দিন বিকেলে তিনি দলীয় সমাবেশে কক্সবাজার পর্যন্ত রেলপথ সম্প্রসারণের ঘোষণা দেন। কিন্তু এক বছর পার হলেও আজ পর্যন্ত কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। তাই আসন্ন জাতীয় বাজেটে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহামঞ্চদ শাহজাহান বলেন, সরকার রেল যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই পরিকল্পনার আওতায় কক্সবাজার পর্যন্ত রেলপথ সম্প্রসারণের প্রকল্প অন্তর্ভুক্ত করা জরুরি। কেননা, এতে লাখ লাখ পর্যটক এবং কক্সবাজারবাসীর জন্য সরাসরি ঢাকা-কক্সবাজার যাতায়াতের সুযোগ তৈরি হবে।সমাবেশে আরও বক্তব্য দেন কোস্ট ট্রাস্টের কর্মকর্তা মকবুল আহমেদ, ব্যাংক কর্মকর্তা এম নাজের সিদ্দিকী, শব্দায়ন আবৃত্তি একাডেমির পরিচালক জসিমউদ্দিন, পাল্স বাংলাদেশের নির্বাহী প্রধান সাইফুল ইসলাম চৌধুরী, জাসদ নেতা মিজানুর রহমান প্রমুখ।