কক্সবাজার বিপদমুক্ত, ঘরে ফিরছে লোকজন
ঘূর্ণিঝড় মহাসেনের কবল থেকে রক্ষা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে কক্সবাজার উপকূলের ১৫ লাখ মানুষ। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় কক্সবাজারকে বিপদমুক্ত ঘোষণা করা হয়। এরপর ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া লোকজন ঘরে ফিরতে শুরু করে। আবহাওয়া কার্যালয় কক্সবাজারের উচ্চ পর্যবেক্ষক মো. আলমগীর বলেন, বেলা দেড়টার দিকে ঘূর্ণিঝড়টি চট্টগ্রামের সন্দ্বীপ হয়ে নোয়াখালীর হাতিয়ায় আঘাত হানে। ফলে কক্সবাজার বিপদমুক্ত এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। জেলা প্রশাসক রুহুল আমিন বলেন, সরকারিভাবে বরাদ্দ দুপুরের খাবার খেয়ে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করে মানুষ। তবে সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে কিছু গ্রাম প্লাবিত হচ্ছে। এসব গ্রামের লোকজনের জন্য আশ্রয়কেন্দ্র খোলা রাখা আছে।গতকাল সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ-ছয় ফুট উচ্চতা বৃদ্ধি পেয়ে সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফের শাহপরীর দ্বীপ, মহেশখালীর ধলঘাটা, মাতারবাড়ী, কুতুবদিয়ার আলী আকবরডেইল, লেমশিখালী, পেকুয়ার কাকপাড়াসহ ৭০টির বেশি গ্রাম প্লাবিত হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, সকাল থেকে সেখানে দমকা হাওয়া বইলেও দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মইনুদ্দীন বলেন, জেলার ৫১৯ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বর্তমানে প্রায় ৩০ কিলোমিটার বাঁধ ভাঙা ও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তিনি বলেন, মহাসেনের প্রভাবে সাগর এমনিতে উত্তাল, তার ওপর চলছে ভরা পূর্ণিমা। ফলে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ-ছয় ফুট বৃদ্ধি পেয়ে উপকূলে আঘাত হানছে।