কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, কক্সবাজার বিমানবন্দরের চাহিদা অনেক বেড়ে গেছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে। পর্যটনশিল্পের গুরুত্ব বিবেচনা করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে সংযুক্ত করা হবে, রেলপথও সংযুক্ত করা হবে।
মন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকার এক হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে তিনি মেলার উদ্বোধন করেন। মেলার আয়োজন করেছে পর্যটনবিষয়ক পাক্ষিক পত্রিকা দ্য বাংলাদেশ মনিটর।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। এতে স্বাগত বক্তব্য দেন দ্য বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।
মন্ত্রী রাশেদ খান মেনন তাঁর বক্তব্যে আরও বলেন, ‘আমাদের দেশে পর্যটনশিল্পের বিকাশ যেভাবে হওয়া প্রয়োজন ছিল, সেভাবে হয়নি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। আমরা এসব সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ২০১৬ সালকে পর্যটন বছর হিসেবে ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলছে।’
মন্ত্রী পর্যটন ক্ষেত্রে চট্টগ্রামের সম্ভাবনা এবং একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, পর্যটন নগর এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে একইভাবে চট্টগ্রাম খ্যাতি পেতে পারে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। কর্ণফুলী নদীর ওপারে পর্যটনের জন্য অবকাঠামো গড়ে তোলা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, পর্যটন ক্ষেত্রে চট্টগ্রামের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। বেসরকারি খাতকে উৎসাহিত করতে হবে। সভাপতির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘দেশে পর্যটনশিল্পের যত বিকাশ ঘটবে, তত বেশি কর্মসংস্থান বাড়বে। আমাদের দেশে পর্যটনের ক্ষেত্রে বড় বাধা নিরাপত্তা। এ জন্য পর্যটকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
মেলায় দেশ-বিদেশের ১৯টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। প্রতিদিন বেলা সাড়ে ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।