কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের জন্য এবার চীনের সঙ্গে ঋণ চুক্তি সই করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল অ্যাভিয়েশন)। এর আগে গত বছরের মার্চে দরপত্র ডেকে ৪২৪ কোটি টাকা দরদাতা তুরস্কের একটি প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়। এরপর সব প্রক্রিয়া চূড়ান্ত করার পর চলতি বছরের জুলাই ওই দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র ডাকার সিদ্ধান্ত হয়। কিন্তু এখন পর্যন্ত পুনঃ দরপত্র ডাকা হয়নি। তিন মাস পর গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে চীনের সঙ্গে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের (এক হাজার ৬০০ কোটি টাকা) ঋণ চুক্তি সই হয়। এতে বাংলাদেশের পক্ষে সই করেন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন ও চীনের পক্ষে ওই দেশের এভিক ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জিয়াং তাও। এ সময় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ফারুক খান এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন উপস্থিত ছিলেন।সিভিল অ্যাভিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী, কাজ সম্পন্ন হলে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ছয় হাজার ৭৭৫ ফুট থেকে নয় হাজার ফুটে, প্রশস্ততা ১৫০ ফুট থেকে ২০০ ফুটে উন্নীত ও রানওয়ের শক্তি তিন গুণের বেশি বৃদ্ধি পাবে। এ ছাড়া টেক্সিওয়ে, অ্যাপ্রোন ও বোর্ডিং ব্রিজ নির্মাণসহ কারিগরি বিভিন্ন সরঞ্জাম বসানো হবে।এ-সংক্রান্ত নথিপত্র থেকে জানা যায়, পর্যটনশিল্পের বিকাশের লক্ষ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ‘জরুরি ভিত্তিতে’ এই প্রকল্পটি ২০০৯ সালের ২৯ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন ও গত বছরের ৩ মার্চ দরপত্র ডাকা হয়। দরপত্র মূল্যায়ন শেষ হয় চলতি বছরের ২২ মার্চ। সর্বনিম্ন দরদাতা তুরস্কের কুয়ান্তা আইএনসি কনস্ট্রাকশন কোম্পানিকে কাজের জন্য নির্বাচিত করে তা অনুমোদনের জন্য সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ গত ২ এপ্রিল মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়। প্রস্তাবটি গত ২৮ মে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উত্থাপন করা হয়। এর মধ্যে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে ৫৭ কোটি টাকা বেশি দর দেওয়া একটি প্রতিষ্ঠানকে কাজ দিতে নানা তৎপরতা চলে বলে অভিযোগ ওঠে। পরে গত জুলাইয়ে মন্ত্রিসভা কমিটি আগের দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র ডাকার সিদ্ধান্ত দেয়।