কক্সবাজার বিমানবন্দরের ৫৩ একর জমি বেদখল
কক্সবাজার বিমানবন্দরের ৫৩ একরের বেশি জমি অবৈধ দখলে চলে গেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। দীর্ঘ কয়েক বছরে ২৩টি মামলা করেও দখলদারদের উচ্ছেদ করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বিমানবন্দর সূত্র জানায়, ২১৯ দশমিক ৬৫ একর আয়তনবিশিষ্ট বিমানবন্দরের মালিকানাধীন আরও ৫৩ দশমিক ১০ একর জমি দীর্ঘদিন ধরে বেদখলে রয়েছে। এর মধ্যে ৩০ একরের বেশি জমিতে রয়েছে কয়েক শ দোকানপাট ও বসতবাড়ি, ছয় একরে জমিতে একাধিক শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, তিন একরে রয়েছে মসজিদ ও মাজার এবং অন্যান্য জমিতে চলাচলের রাস্তা।জমি বেদখলে থাকার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দরের ব্যবস্থাপক মাহমুদ আখতার হোসেন প্রথম আলোকে বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়মানুযায়ী, বিমানবন্দরের ১০ বর্গকিলোমিটার এলাকার মধ্যে ভবন নির্মাণ করতে হলে বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি বা ছাড়পত্রের প্রয়োজন। কিন্তু ছাড়পত্র ছাড়াই বিমানবন্দরের ৫৩ একর জমিতে অসংখ্য বহুতল ভবন ও বসতবাড়ি গড়ে তোলা হয়েছে। এ বিষয়ে ২৩টি মামলা করেও জমি দখলমুক্ত করা যাচ্ছে না। ফলে এটা এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। আন্তর্জাতিক মানের বিমানবন্দরের কাজের জন্য ইতিমধ্যে পরামর্শক নিয়োগ করা হয়েছে। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে ঠিকাদার নিয়োগ করা হবে। এ জন্য বন্দরের উত্তর ও পশ্চিম পাশে নতুন করে আরও ৬৮২ একর খাসজমি অধিগ্রহণের কাজ চলছে। কিন্তু আইনি জটিলতার কারণে দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬০২ কোটি টাকা, যার অর্ধেক ব্যয় বহন করবে সরকার। বাকি অর্ধেক ব্যয় বহন করবে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অরগানাইজেশন (আইসিএও)। প্রাথমিক পর্যায়ে ৩০ মাস সময়সীমার মধ্যে ৩০২ কোটি টাকার কাজ এবং দ্বিতীয় পর্যায়ে বাকি ৩০০ কোটি টাকার কাজ সম্পন্ন করা হবে। অবৈধ দখলে থাকা জমি উদ্ধারের জন্য শিগগিরই দখলদারদের নোটিশ দেওয়া হবে। এর পরও জমি দখলমুক্ত না করা গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযান চালানো হবে। এতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।সরেজমিনে দেখা গেছে, বিমানবন্দরের পূর্ব ও দক্ষিণ পাশে নুনিয়াছটা, দক্ষিণ বাহারছড়া, ঝাউতলা, গাড়িরমাঠ, ছয় নম্বর জেটি এলাকা, ফিশারিঘাটসহ কয়েকটি স্থানে শত শত বসতবাড়ি, দোকানপাট, বস্তি ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয়-প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। নতুন বাহারছড়ার বাসিন্দা খলিলুর রহমান বলেন, যুগ যুগ ধরে তাঁরা এই গ্রামে বসবাস করছেন। ইচ্ছা করলেই বন্দর কর্তৃপক্ষ তাঁদের উচ্ছেদ করতে পারবে না। এ ব্যাপারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান জানান, নতুন বাহারছড়া ও বৃহত্তর নুনিয়াছটায় জনবসতি কয়েক শ বছর ধরে। তাই উচ্ছেদের বিষয়ে মানবিক দিকটা অবশ্যই বিবেচনায় নিতে হবে।