কক্সবাজার-মহেশখালী নৌপথে চাঁদাবাজি, যাত্রীদের হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের কস্তুরাঘাট থেকে সমুদ্র পাড়ি দিয়ে মহেশখালী উপজেলায় যেতে যাত্রীদের ঘাটে ঘাটে চাঁদা দিতে হচ্ছে। জোয়ারের সময় যেমনতেমন, ভাটার সময় পানি নেমে গেলে হাজার হাজার যাত্রীকে পারাপারে দুর্ভোগ পোহাতে হয়। ভাটার সময় ভেসে ওঠা চরে নৌকার সাঁকো তৈরি করে দুই পারে মাথাপিছু ১৩ টাকা করে অতিরিক্ত চাঁদা আদায় করা হচ্ছে। মহেশখালী জেটি ঘাটে যাত্রীদের মাথাপিছু ১০ টাকা করে খাস কালেকশন (সরকারি কর) আদায়ের নিয়ম থাকলেও সংশ্লিষ্টরা অতিরিক্ত চাঁদা হাতিয়ে নিচ্ছে। গত মঙ্গলবার দুপুরে শহরের কস্তুরাঘাট গিয়ে দেখা গেছে, শত শত নারীপুরুষ কাঠের ট্রলার-লঞ্চ ও স্পিড বোটে করে সমুদ্রপথে মহেশখালী আসা-যাওয়া করছে। ছয়জন ধারণক্ষমতার একটি স্পিডবোটে ওঠানো হচ্ছে সর্বোচ্চ ১৩ জন। স্পিডবোটে কক্সবাজার থেকে মহেশখালী যেতে লাগে মাত্র ১০ মিনিট। অথচ ভাড়া আদায় করা হয় ৭৫ টাকা। আবার ট্রলারে ভাড়া আদায় হয় ২৫ টাকা। এ ক্ষেত্রে সময় লাগে ৩০ থেকে ৪৫ মিনিট। টাকার বিপরীতে ভাড়ার কোনো রসিদ বা টিকিট দেওয়া হয় না। ৯০টির বেশি স্পিডবোট ও ট্রলারের মধ্যে অধিকাংশেরই নেই যাত্রীনিরাপত্তার কোনো লাইফ জ্যাকেট। অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে কয়েকজন স্পিডবোট ও লঞ্চচালক বলেন, যাত্রীদের মাথাপিছু যে ভাড়া আমরা নিচ্ছি, তা থেকে ১০ টাকা করে জেলা প্রশাসনের নিয়োগপ্রাপ্ত কর্মচারী আবদুর রাজ্জাককে পরিশোধ করতে হয়। আবদুর রাজ্জাক ঘাটে না এসে গোরকঘাটার নেছার আহমদকে দিয়ে টাকা আদায় করছেন। দৈনিক পাঁচ হাজার যাত্রী পারাপার করলেও সরকারি কোষাগারে জমা দেখানো হয় অর্ধেকের কম। নেছার আহমদ (৫০) বলেন, মাথাপিছু ১০ টাকা করে তিনি সরকারি কর আদায় করছেন। কিন্তু দৈনিক কত যাত্রী পারাপার করেন, সে হিসাব তাঁর কাছে নেই। কুতুবজোম গ্রামের লবণচাষি সৈয়দ উল্লাহ (৫৫) বলেন, ভাটার সময় জেটি দিয়ে স্পিডবোটে ওঠার সময় অতিরিক্ত আরও ১০ টাকা চাঁদা দিতে হচ্ছে। আবার কক্সবাজারে কস্তুরাঘাট দিয়ে ওঠার সময় দিতে হচ্ছে তিন টাকা চাঁদা। গোরকঘাটার ব্যবসায়ী পরিমল পাল (৪৫) বলেন, কক্সবাজার শহর থেকে দোকানে বিক্রির মালামাল আনার সময় ঘাটে ঘাটে চাঁদাবাজির শিকার হতে হচ্ছে। খাস কালেকশনের নামে কতিপয় ব্যক্তি চাঁদাবাজি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নাজেহাল করা হচ্ছে। ঘাটের নিয়ন্ত্রণ জেলা প্রশাসনের হাতে বলে কাউকে নালিশও করা যাচ্ছে না। কক্সবাজার জেলা স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নসরুল্লাহ (৪৫) বলেন, এই ঘাট দিয়ে প্রতিদিন পাঁচ হাজার মানুষ এপার-ওপার হচ্ছে। পর্যটন মৌসুমে এর সংখ্যা তিন গুণ বেড়ে যায়। তিন বছর আগে এই ঘাটটি এক কোটি ৩৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। তখন প্রতিপক্ষরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করলে ইজারা কার্যক্রম স্থগিত করা হয়। এরপর ঘাটের ইজারা তুলছে জেলা প্রশাসন। ২০১১ সালে ঘাটের বিপরীতে খাস কালেকশন হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। চলতি সালে কালেকশন আরও কম হবে। এ ব্যাপারে জেলা প্রশাসনের নজরদারি নেই। এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসিম উদ্দিন বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে প্রশাসন জেটির বিপরীতে ইজারা (খাস কালেকশন) আদায় করছে। এখন ঘাট পারাপারে যাত্রীদের কাছ থেকে বেশি টাকা আদায়ের অভিযোগ পাচ্ছি। ১০ জনের স্থলে প্রতিটা স্পিডবোটে ১২ জন এবং বিশেষ কিছু স্পিডবোটকে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। সরেজমিন গিয়ে এসব অনিয়মের তদন্ত করা হবে। দুর্নীতি বা হয়রানির প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।