কক্সবাজার মাতবে শিল্পকলার উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক দ্বিবার্ষিক শিল্পকলা প্রদর্শনী। প্রথমবারের মতো আয়োজিত এ শিল্পকলা প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত ও কোরিয়ার অর্ধশতাধিক শিল্পী, সমালোচক ও গণমাধ্যম বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।
কাল বৃহস্পতিবার থেকে কক্সবাজার ইনস্টিটিউট অ্যান্ড পাবলিক লাইব্রেরিতে প্রদর্শনীটি শুরু হচ্ছে, চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
দ্বিবার্ষিক শিল্পকলা প্রদর্শনীটি কক্সবাজারে কেন, এ প্রশ্ন ছিল প্রদর্শনীর তত্ত্বাবধায়ক আমিরুল রাজিবের প্রতি। তিনি বললেন, ‘আমাদের এখানে ঢাকাতেই সবকিছু হচ্ছে। শিল্পকলা দেখে ঢাকার রাস্তায় বের হলে আপনাকে দেখতে হয় ট্রাফিক জ্যাম। ফলে আপনার মাথায় এখানে কিছুই থাকে না। নাগরিক এত চাপ নিয়ে আর্ট হয় না। আর কক্সবাজার একটি বৈচিত্র্যপূর্ণ শহর। বাঙালি ছাড়াও কত রকম আদিবাসী থাকেন সেখানে।’
আন্তর্জাতিক দ্বিবার্ষিক শিল্পকলা প্রদর্শনী কক্সবাজার ২০১৫-এর সহ-আয়োজক সব্যসাচী মিস্ত্রী ও অরণ্য শর্মা। প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করেছে ডিপার্ট আর্ট ম্যাগাজিন, আগামী প্রকাশনী, নিত্য উপহার, ওপেন আর্ট স্কুল, ড্রিম আর্ট প্লে, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, দৈনিক কক্সবাজার, কক্সবাজার ডিজিটাল হাসপাতাল, দ্য ডেইলি স্টার ও প্রথম আলো। তবে আমিরুল রাজিব জানালেন, কারও কাছ থেকেই কোনো রকম আর্থিক সহযোগিতা তাঁরা নিচ্ছেন না।
উদ্বোধনী দিন বিকেলে শিক্ষাবিদ সলিমুল্লাহ খান ‘পরাধীন যুগের শিল্পকলা’ বিষয়ে বলবেন। এ সময় অতিথি থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, শিল্পী দিলারা বেগম জলি ও তৈয়বা বেগম লিপি। সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান ও সৌরভ সরকার।
পরদিন শুক্রবার সকালে হবে শিশুদের ছবি আঁকার অনুষ্ঠান। বেলা তিনটায় কোরীয় শিল্পী হেলিয়াং লি ও সাংমি শিনের অরিগ্যামি প্রদর্শনী থাকবে। বিকেল পাঁচটায় থাকছে জলপরী পাপেট স্টুডিওর পরিবেশনা। ৬ ও ৭ সেপ্টেম্বর থেকে আয়োজিত অরিগ্যামি ও পুতুল নিয়ে দুটি কর্মশালায় স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের করা শিল্পকর্মগুলোও এ প্রদর্শনীগুলোতে স্থান পাবে। সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন মেহেদি হাসান।
শনিবার বেলা তিনটায় পাভেল পার্থ বলবেন ‘সাগরের সংস্কৃতি, বৈচিত্র্য ও বাস্তুসংস্থান’ নিয়ে। শেষ দিন রোববার বেলা সাড়ে তিনটায় নির্মাতা তারেক মাসুদ নির্মিত চিত্রশিল্পী এস এম সুলতানের ওপর প্রামাণ্যচিত্র আদমসুরত দেখানো হবে। এরপর সৈয়দ নিজার আলম ‘সুলতান ও পরাধীনতা থেকে শিল্পকলার মুক্তি সম্পর্কে তাঁর চিন্তা’ নিয়ে বলবেন। সন্ধ্যায় থাকবে কিয়ামুল হকের দলের ফায়ার স্পিনিং পরিবেশনা।
এ ছাড়া চার দিনই বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত একই জায়গায় থাকছে বিভিন্ন শিল্পীর আলোকচিত্র, ভিডিও আর্ট, চিত্রকলা, ভাস্কর্য, ক্যালিগ্রাফি, শিল্পস্থাপনা, প্রাচ্যের শিল্পকলার প্রদর্শনী। এসব শিল্পীর মধ্যে আছেন বিপাশা হায়াত, রাজীব দত্ত, মুমিত মাহবুব, শিমুল সাহা, আশীষ মিত্র, ভারতীয় আলোকচিত্রী নির্ভর সিং রাই প্রমুখ।