কক্সবাজার মুক্ত দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১২ ডিসেম্বর, কক্সবাজার পাকিস্তানি হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে শহরের লালদীঘির পাড়ের পাবলিক হল মাঠে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কক্সবাজারকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। শত্রুমুক্ত ঘোষণা করেন জয় বাংলা বাহিনীর অধিনায়ক কামাল হোসেন চৌধুরী। তিনি বলেন, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর তাঁর নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা বার্মার (মিয়ানমার) শরণার্থী ক্যাম্প থেকে নাফ নদ পার হয়ে বাংলাদেশে ফেরেন। ১০ ডিসেম্বর তাঁরা উখিয়ায় পৌঁছান। সেখান থেকে ১২ ডিসেম্বর সকালে সশস্ত্র অবস্থায় চারটি গাড়িতে জয় বাংলা স্লোগান দিতে দিতে তাঁরা কক্সবাজার শহরে পৌঁছান। সকাল ১০টায় শহরের ঐতিহাসিক পাবলিক হল মাঠে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে কক্সবাজারকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুহাম্মদ শাহজাহান বলেন, ৪ ডিসেম্বর ভারতীয় বাহিনী কক্সবাজার বিমানবন্দরে পাকিস্তানের হানাদার বাহিনীর ক্যাম্পে হামলা চালায়। এতে পাকিস্তানি হানাদার বাহিনীর বেশ কয়েকজন হতাহত হয়। ৫ ডিসেম্বর আরও হামলার আশঙ্কায় হানাদার বাহিনী কক্সবাজার ত্যাগ করে। ওই দিন থেকে কার্যত কক্সবাজার শত্রুমুক্ত হয়।