কক্সবাজার মেডিকেলের 'জার্নাল' নিয়ে সভা
কক্সবাজার মেডিকেল কলেজের প্রকাশনা ‘জার্নাল কক্সবাজার মেডিকেল কলেজ’ নিয়ে এক সভা গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজার সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন চৌধুরীর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অশোক কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অরূপ দত্ত।
বক্তব্য দেন কক্সবাজার সদর হাসপাতাল ও মেডিকেল কলেজের শিক্ষক এম এ কামাল, জাহাঙ্গীর কবির ভূঁইয়া, কবির আহমদ, মায়েনু, মঈন উদ্দিন, প্রণব কুমার চৌধুরী, মোস্তফা নুর মহসীন, ফরহাদ হোসেন, এ বি এম আদনান প্রমুখ।
রতন চৌধুরী বলেন, প্রথমবারের মতো কক্সবাজার মেডিকেল কলেজ থেকে এই প্রকাশনা প্রকাশিত হলো। নিয়মিতভাবে জার্নালটি প্রকাশিত হলে শিক্ষক-শিক্ষার্থীরা লাভবান হবেন।
উপাধ্যক্ষ অরূপ দত্ত বলেন, বছরে দুটি করে (জানুয়ারি ও জুন মাসে) এই জার্নাল প্রকাশিত হবে। হাসপাতালে সেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের এ ব্যাপারে সহযোগিতা দরকার।
অধ্যক্ষ অশোক কুমার দত্ত বলেন, এই জার্নাল জেলার স্বাস্থ্য খাতে গবেষণা ও সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে। ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মান উন্নত ও বিজ্ঞানসম্মত হবে।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম।