কক্সবাজার যুবদলের কর্মী সমাবেশে গুলি
কক্সবাজার শহরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গতকাল সোমবার জেলা যুবদলের কর্মী সমাবেশে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ওই সময় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন।গুলিবর্ষণের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ছোটাছুটি শুরু হলে আহত হন কক্সবাজার সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর হুমাইরা বেগম ও কক্সবাজার কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল হক। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, বিকেল চারটা ৫৫ মিনিটে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আলাল বক্তব্য দিচ্ছিলেন। এ সময় মঞ্চের একপাশ থেকে সমাবেশকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়া হয়। আতঙ্কে উপস্থিত সবাই দিগ্বিবিদিক ছোটাছুটি শুরু করে। এ ঘটনার কয়েক মিনিট পর সমাবেশে আবার বক্তব্য দিতে শুরু করেন আলাল। বিকেল সাড়ে পাঁচটায় সমাবেশ শেষ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মো. আবদুল্লাহ। তিনি বলেন, গুলিবর্ষণের ঘটনার সময় আলাল মাত্র দুই মিনিট বক্তৃতা বন্ধ রাখেন। বাকি সব ঠিকঠাকমতো শেষ হয়েছে। বিএনপির একটি পক্ষ ঘটনাটি ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, তিন দিনের ব্যক্তিগত সফরে শনিবার দুপুরে আলাল সপরিবারে কক্সবাজারে আসেন।