কক্সবাজার রক্ষায় পাহাড় কাটা বন্ধ করতে হবে
জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সম্পর্কে উপকূলের লোকজনকে সচেতন করতে হবে। একই সঙ্গে কক্সবাজার রক্ষায় পাহাড় কাটা বন্ধ করাসহ জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে।
গতকাল শুক্রবার সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, পাহাড় কাটা, অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত নগরায়ণ এবং অধিক মাত্রায় কার্বন নিঃসরণের কারণে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। তাপমাত্রা কমানোর একমাত্র উপায় সামাজিক বনায়ন। অথচ বন ধ্বংস হতে চলেছে। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা না হলে কক্সবাজার রক্ষা কঠিন হয়ে পড়বে।
অতিরিক্ত জেলা প্রশাসক অনুপম সাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম রহিম উল্লাহ, কক্সবাজার (উত্তর) বন বিভাগীয় কর্মকর্তা শাহ-ই আলম, কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগীয় কর্মকর্তা মো. আলী কবির প্রমুখ।
বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ক্রেল’-এর কর্মকর্তা মো. শফিকুর রহমান।