কক্সবাজার রুটে চালু হলো বোয়িং ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ঢাকা-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং ৭৩৭-৮০০ ফ্লাইটের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। এখন থেকে প্রতি বৃহস্পতিবার ও শনিবার বিকেলে এই ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাবে।

আগামী ১৮ মে থেকে এই ফ্লাইট শুরু হবে। এই রুটে ট্যাক্সসহ ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া ইকোনমি ক্লাসে ৪ হাজার টাকা ও বিজনেস ক্লাসে ৯ হাজার টাকা। আজ বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ফ্লাইট কর্মসূচির এই তথ্য জানানো হয়।

ভ্রমণ পিপাসুদের অবকাশের কথা ভেবে প্রতি বৃহস্পতি ও শনিবার বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে বিমানের বিজি-৪৩৩ ফ্লাইট।

ফ্লাইটটি কক্সবাজারে পৌঁছাবে বিকেল ৫টা ৫ মিনিটে। অন্যদিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ফিরতি ফ্লাইট বিজি-৪৩৪ ছেড়ে আসবে প্রতি বৃহস্পতি ও শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিট এবং ঢাকায় এসে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, যারা কক্সবাজারে সাপ্তাহিক ছুটির দিন কাটাতে চান তাঁদের কাছে বিমানের এই সময় সূচি হবে খুবই আকর্ষণীয়। কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ সপ্তাহে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে। এই রুটে সপ্তাহে দুই দিন বোয়িং ফ্লাইট অপারেট করার পাশাপাশি বাকি পাঁচ দিন ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট দ্বারা ফ্লাইট অপারেট করা হবে।