কক্সবাজার শহরে অবৈধ রিকশা ১২ হাজার
পর্যটন শহর কক্সবাজারে রিকশার হিসাব পৌরসভায় নেই। তবে কয়েকজন কাউন্সিলরের মতে, এই সংখ্যা অন্তত ১৫ হাজার। এর মধ্যে ১২ হাজারের কোনো অনুমোদন নেই। ফলে শহরের প্রধান সড়কে প্রতিদিন যানজট লেগেই থাকে। শহরবাসীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। পৌরসভার মেয়র সরওয়ার কামাল অবৈধ রিকশা চলাচলের সত্যতা নিশ্চিত করে জানান, ১৫ হাজার রিকশার মধ্যে পৌরসভা অনুমোদন দিয়েছে মাত্র সাড়ে তিন হাজার। অবৈধ রিকশা জব্দ করতে প্রায়ই অভিযান চালানো হয়। তার পরও অবৈধ রিকশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের হলিডে মোড় থেকে হাশেমিয়া আলিয়া মাদ্রাসা পর্যন্ত প্রধান সড়ক রিকশার দখলে থাকে। সন্ধ্যার পর লোকজন ঈদের কেনাকাটায় নামলে পুরো শহর অচল হয়ে পড়ে। এ সময় প্রধান সড়কে পায়ে হেঁটেও চলাচল করা যায় না। এসব রিকশাজটের মধ্যে কয়েক শ যাত্রীবাহী বাস, দেড় হাজারের মতো অটোরিকশা, ট্যাক্সি টমটম ও প্রাইভেট কার নামলে প্রধান সড়কে নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়। পথচারীদের তখন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা ছাড়া কোনো উপায় থাকে না। ছুটির দিনে কিংবা শহরে পর্যটকের আগমন বেড়ে গেলে পরিস্থিতি আরও বেসামাল হয়ে পড়ে। পৌরসভার কাউন্সিলর মাহবুবুর রহমান ও আশরাফুল হুদা জানান, শহরে বর্তমানে ১৫ হাজারেরও বেশি রিকশা চলাচল করছে। এর মধ্যে নয় হাজার আসে পার্শ্ববর্তী ঝিলংজা, খুরুশকুল, রামু, মরিচ্যা থেকে। শহরে বহিরাগত রিকশা চলাচলের নিয়ম না থাকলেও প্রভাবশালী ব্যক্তিদের চাপে এসব অবৈধ রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শহরের যানজট নিয়ন্ত্রণে প্রতিদিন বিপুলসংখ্যক পুলিশকে ব্যস্ত থাকতে হচ্ছে। ভাসমান ও অভাবী মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় রিকশার সংখ্যাও বাড়ছে। মিয়ানমার থেকে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গারাও শহরে এসে রিকশা চালাচ্ছে। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে রিকশাসহ তিন শতাধিক রোহিঙ্গাকে আটকও করেছে। তার পরও শহরে অবৈধ রিকশা চলাচল ঠেকানো যাচ্ছে না। অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম জানান, শহরের রিকশা চালকদের উল্লেখযোগ্য একটি অংশই অনুপ্রবেশকারী রোহিঙ্গা। যাছাই-বাছাই না করেই তাদের রিকশা ভাড়া দেওয়া হচ্ছে। এসব রোহিঙ্গা রিকশায় যাত্রী তুলে মালামাল চুরি ও ছিনতাইও করে। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, পৌর কর্তৃপক্ষের অবহেলা আর দায়িত্বহীনতার কারণে শহরে যানজট পরিস্থিতি দিনদিন জটিল আকার ধারণ করছে। অবৈধ রিকশা চলাচল বন্ধ, যাত্রীবাহী চেয়ারকোচের টিকিট কাউন্টার শহরের বাইরে সরিয়ে শহরকে যানজটমুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।