কক্সবাজার সমুদ্রসৈকতে গত সাত দিনে পাগলা কুকুরের আক্রমণের শিকার হয়েছে ভ্রমণে আসা অন্তত ১১ জন নারী ও শিশু।
পৌরসভার হিসাবমতে, সৈকতসহ শহরের ৫৩টি পয়েন্টে রয়েছে অন্তত তিন হাজার পাগলা কুকুর। ভ্রমণে আসা পর্যটক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপদ রাখতে পৌরসভা কর্তৃপক্ষ গতকাল রোববার সকাল থেকে পাগলা কুকুর নিধন শুরু করেছে। বেলা তিনটা পর্যন্ত দেড় শতাধিক কুকুর নিধন করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, সকাল ও সন্ধ্যায় সমুদ্রসৈকতে নামাই যাচ্ছে না পাগলা কুকুরের জন্য। নির্জন বালুচরে হাঁটার সময় কুকুরের দল পর্যটকদের আক্রমণ করছে। সৈকতসহ শহর এলাকায় এ রকম তিন হাজার পাগলা কুকুর রয়েছে। তাই বাধ্য হয়ে পাগলা কুকুর নিধন করতে হচ্ছে।
গতকাল সকাল ছয়টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে নেমে দেখা গেছে, ৩০টির বেশি কুকুর এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছে। ঝাউবাগানের ভেতরেও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শতাধিক কুকুর। সুযোগ পেলে কুকুরের দল নারী ও শিশুদের পিছু নেয়। সৈকতের লাবণী পয়েন্ট, সি-ইন পয়েন্ট ও ডায়াবেটিস হাসপাতাল পয়েন্টেও কুকুরের দৌড়ঝাঁপ নজরে পড়ে।
সকাল সাতটার দিকে লাবণী পয়েন্টে নামেন চট্টগ্রাম থেকে শিক্ষা সফরে আসা একদল তরুণী। তাঁরা পানি বরাবর বালুচর দিয়ে হাঁটছিলেন। এ সময় ছয়টি কুকুর তাঁদের আক্রমণ করে। তরুণীরা হইচই এবং চিৎকার শুরু করলে কুকুরগুলো দূরে সরে যায়।
ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক মনজুর আলম (৪৯) বলেন, তিনি ডায়াবেটিস রোগী। প্রতিদিন সকালে হাঁটতে হয়। সে কারণে তিনি সকালে হাঁটতে নামেন সৈকতে। কিন্তু ভয়ংকর পাগলা কুকুরের দৌড়ঝাঁপ দেখে তিনি উঠে পড়েন। এতগুলো কুকুর দেখলে কোনো পাগলও সৈকতে নামার সাহস পাবে না।
স্থানীয় কয়েকজন ডুবুরি বলেন, ভোর থেকে সকাল আটটা এবং সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কয়েক শ পাগলা কুকুর সৈকতে বিচরণ করে। গত সাত দিনে পাগলা কুকুরের আক্রমণে আহত হয়েছে সৈকত ভ্রমণে আসা অন্তত ১১ জন নারী ও শিশু।
পৌরসভা সূত্র জানায়, পৌরসভার ১২টি ওয়ার্ডে গণনা করে সম্প্রতি ১০ হাজারের বেশি কুকুর পাওয়া গেছে। এর মধ্যে সাত হাজার বেওয়ারিশ। পাঁচ মাস আগে পৌরসভার উদ্যোগে চার হাজার কুকুরকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, পাগলা কুকুরের আক্রমণে অনেকে আক্রান্ত হচ্ছে। পর্যটকেরা নিরাপত্তাহীন হয়ে পড়ছে। তা ছাড়া, কুকুরের দল সামুদ্রিক কচ্ছপ, কচ্ছপের ডিম ও বালুচরের লাল কাঁকড়া খেয়ে ফেলছে।