কক্সবাজার শহরে পাহাড় কাটা চলছেই
কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে সংরক্ষিত উঁচু পাহাড় কাটা চলছেই। পাহাড় কেটে মাটি বিক্রির পাশাপাশি ওই স্থানে তৈরি করা হচ্ছে অসংখ্য বসতবাড়ি।স্থানীয় লোকজনের অভিযোগ, বন বিভাগের অভিযান না থাকায় প্রভাবশালী একটি মহল মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা শ্রমিকদের দিয়ে পাহাড় কেটে সাবাড় করছে।তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, পাহাড় কাটার খবর পেলেই বন বিভাগ অভিযান চালায়। মামলাও করা হয়। কিন্তু তার পরও পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না।কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ প্রথম আলোকে জানান, যৌথ অভিযান পরিচালনার জন্য পাহাড় কাটা ও দখলদারদের তালিকা করা হচ্ছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সমুদ্রসৈকতসংলগ্ন কলাতলী, আদর্শ গ্রাম, লারপাড়া, বাস টার্মিনাল, বৈদ্যঘোনা, ঘোনাপাড়া, খাজামঞ্জিল, পাহাড়তলী এবং বাইপাস সড়কের পাশে ও জেলা কারাগারের পেছনে উঁচু পাহাড় কেটে বসতবাড়ি তৈরি চলছে। পাহাড় কাটার মাটি ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে।জানতে চাইলে কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, পাহাড় কেটে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা শত শত বসতবাড়ি তৈরি করছে। স্থানীয় প্রভাবশালী মহলের যোগসাজশে পরিবেশের এত বড় ক্ষতি হচ্ছে।পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, জেলা শহর ছাড়াও টেকনাফ, রামু, চকরিয়া ও পেকুয়া উপজেলায় সংরক্ষিত পাহাড় কাটার মহোর্যাসব চলছে। অথচ বন বিভাগ নীরব ভূমিকা পালন করছে।পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, শহরের বিভিন্ন স্থানে পাহাড় কাটা হচ্ছে সত্যি, নানাভাবে চেষ্টা করেও পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না। কারও বিরুদ্ধে মামলা করা যাচ্ছে না। কারণ, ঘটনাস্থলে গেলেই শ্রমিকেরা পালিয়ে যান। নানা চেষ্টা করেও পাহাড় কাটার হোতাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।যোগাযোগ করা হলে পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, পুলিশ শত ব্যস্ততার মধ্যেও পাহাড় কাটাবিরোধী অভিযান পরিচালনা করে এরই মধ্যে ২০ জনকে আটক করেছে।