কক্সবাজার শহরে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরে গতকাল শুক্রবার রাতে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় শহর আওয়ামী লীগের সভাপতিসহ উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মোটরসাইকেলসহ ছাত্রলীগের একজন কর্মীকে আটকের ঘটনায় এই সংঘর্ষ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটায় শহরের প্রধান সড়কের লালদীঘির পাড় দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ শহর ছাত্রলীগের কর্মী হিমুকে গতিরোধ করেন। এ সময় ছাত্রলীগের কর্মী হিমু ওই ট্রাফিক পুলিশকে নাজেহাল করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই ছাত্রলীগের কর্মীসহ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
সন্ধ্যা সাতটার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা সদর মডেল থানায় গেলে সেখানে ছাত্রলীগের সভাপতির সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ছাত্রলীগের কর্মীরা থানা থেকে বের হয়ে প্রধান সড়কে অবরোধ দিয়ে যানবাহন ভাঙচুর শুরু করেন। এরপর থানায় গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর শুরু করেন। তাঁরা থানার পার্শ্ববর্তী ট্রাফিক পুলিশ কার্যালয় ও পুলিশ ব্যারাকে হামলা ও ভাঙচুর চালান।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানসহ দলীয় নেতারা। তাঁরা ছাত্রলীগের কর্মীদের নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কিন্তু এর পরও হামলা ও ভাঙচুর অব্যাহত থাকলে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে। এতে আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমানসহ অন্তত পাঁচজন আহত হন। মুজিবুর রহমানকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টা পর্যন্ত ছাত্রলীগের কর্মীরা শহরের কয়েকটি পয়েন্টে বিচ্ছিন্নভাবে অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর চালান। টায়ারে আগুন দিয়ে সড়কের যানবাহন চলাচল বন্ধ রাখেন। ফলে দোকানপাট বন্ধ থাকায় অনেক নারী-পুরুষকে ঈদের কেনাকাটা বাদ দিয়ে ঘরে ফিরে যেতে হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ বলেন, ছাত্রলীগের কর্মী হিমুকে আটকের প্রতিবাদে ছাত্রলীগ সড়কে বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ লাঠিপেটা ও গুলিবর্ষণ করে। এতে ছাত্রলীগের নেতা খোকন, সাজ্জাদ, তৌহিদ, সোহেল, সাদ্দাম, রুবায়েতসহ অন্তত ১৫ জন আহত হন। এর আগে পুলিশের গুলিতে শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন।