রোহিঙ্গা সংকট: পৌর মেয়রের দাবি, সাত দিনে এসেছে প্রায় ৫০ হাজার
কক্সবাজার শহরেও ঢুকছে রোহিঙ্গারা

মিয়ানমার থেকে পালিয়ে আসা শত শত রোহিঙ্গা পরিবার টেকনাফ ও উখিয়া ছেড়ে কক্সবাজার শহরের বিভিন্ন পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে। তারা অস্থায়ী ঘরবাড়ি তৈরি করে বসবাস শুরু করেছে। কেউ কেউ বিভিন্ন পাহাড়ের ঢালে গড়ে ওঠা বস্তিতে ঘর ভাড়া করেছে। গত ৭ দিনে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা শহরে আশ্রয় নিয়েছে এমন দাবি কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষের।
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, পৌরসভার ১২টি ওয়ার্ডের কমিশনারদের দেওয়া তথ্য, সরেজমিনে পর্যবেক্ষণ এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তাঁরা ধারণা করছেন, ৫০ হাজারের মতো রোহিঙ্গা শহরে ঢুকেছে। রোহিঙ্গাদের নির্দিষ্ট কোনো জায়গায় রাখার জন্য ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
মেয়র বলেন, রোহিঙ্গাদের কক্সবাজার শহর থেকে সরিয়ে টেকনাফ অথবা উখিয়ায় স্থাপিত রোহিঙ্গা শিবিরে স্থানান্তর দরকার। নইলে শহরের পর্যটন ব্যবসাসহ জননিরাপত্তা হুমকির মুখে পড়বে। এ ছাড়া বিভিন্ন সামাজিক সমস্যাও সৃষ্টি করবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের পাহাড়তলী এলাকার জিয়ানগরে গিয়ে দেখা গেছে, একটি পাহাড়ি আস্তানায় জড়ো হয়েছে শতাধিক রোহিঙ্গা। কিছু রোহিঙ্গা পাহাড়ের জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করার কাজে ব্যস্ত। জিয়ানগরে পাহাড় কেটে ঘর তৈরি করছেন রোহিঙ্গা দিল মোহাম্মদ (৪২)। তিনি বলেন, পাঁচ বছর আগে তিনি জিয়ানগরে আসেন। গত তিন দিনে তাঁর বাড়িতে নতুন আসা ২০ জন রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের থাকার জন্য আরেকটি ঘর তৈরি করছেন তিনি।
ওই বাড়িতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মো. হোছন (৫৫) বলেন, গত ৫ সেপ্টেম্বর টেকনাফের উলুবনিয়া সীমান্ত দিয়ে স্ত্রী, সন্তান, নাতি–নাতনিসহ তাঁরা ১২ জন বাংলাদেশে আসেন। প্রথমে আশ্রয়ের জন্য যান উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে। কিন্তু সেখানে থাকার জায়গা না পেয়ে কক্সবাজারে চলে আসেন। মো. হোছনের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংগদুর ধাওনখালী গ্রামে।
জিয়ানগরে দিল মোহাম্মদের প্রতিবেশী বোরহান, হাবিবুর রহমান, আবদুর রব, জসিম উদ্দিন, আবু জমিরসহ প্রায় ১১টি বাড়িতে আশ্রয় নিয়েছে আরও ২১৯ রোহিঙ্গা। এর মধ্যে ১২০ জন এসেছে গতকাল সকালে।
শহরের পাহাড়তলী, বৈদ্যেরঘোনা, ঘোনারপাড়া, খাজামঞ্জিল, লাইটহাউজ, রুমালিয়ারছড়া, সাহিত্যিকাপল্লী, বিজিবি ক্যাম্প এলাকা, কলাতলী আদর্শগ্রাম, সমিতিপাড়া, চন্দ্রিমা সমিতি এলাকা, নতুন জেলগেটসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে হাজারো রোহিঙ্গারা।
‘কক্সবাজার বাঁচাও আন্দোলন’–এর সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, উখিয়া ও টেকনাফের ছয়-সাতটি শিবিরে জায়গা না থাকায় রোহিঙ্গারা কক্সবাজার শহরে চলে আসছে। কেউ কেউ চট্টগ্রাম মহানগরসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে।