কক্সবাজার শহরের ফুটপাত এখন দোকানের দখলে
কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখল করে চলছে রমরমা ঈদবাজার। অস্থায়ী কাপড়-চোপড় ও ঈদকার্ডের দোকানের সামনে দাঁড়িয়ে ক্রেতারা কেনাকাটা করায় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে শহরের সৌন্দর্যহানি যেমন ঘটছে, তেমনি বৈধ ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আর হাঁটাচলায় শহরবাসীকে পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ। সরেজমিনে দেখা গেছে, শহরের প্রাণকেন্দ্র পৌরসভা কার্যালয়ের দেয়ালঘেঁষে ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে ৩০টির মতো দোকান। সকাল নয়টা থেকে রাত ১২টা পর্যন্ত এসব দোকান খোলা রেখে কাপড়-চোপড় বেচাকেনা চলে। এ ছাড়া সার্কিট হাউজ রোড, ঝাউতলা, বিমানবন্দর সড়ক, পানবাজার সড়ক, বড়বাজার ও বাজারঘাটার বিভিন্ন উপসড়ক দখল করে কয়েক শ অস্থায়ী দোকান গড়ে উঠেছে। পৌরসভার পাশের একটি দোকানের মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঈদ উপলক্ষে গরিব মানুষের কেনাকাটার সুযোগ করে দিতে এসব কাপড়ের দোকান তৈরি করা হয়। এ ব্যাপারে পৌর মেয়রের মৌখিক অনুমতি নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। একই কথা বলেন, সার্কিট হাউস সড়কের ফলের এক দোকানদার। এ প্রসঙ্গে কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, শহরের বিভিন্ন অলি-গলিতে স্থাপন করা বহু স্থাপনা ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে। বাকিগুলোও ঈদের পর উচ্ছেদ করা হবে। মেয়র আরও বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতার অনুরোধে ঈদ পর্যন্ত এসব দোকান রাখার সিদ্ধান্ত হয়েছে। এখানে ব্যবসা করে কিছু গরিব মানুষ সংসার চালাচ্ছে। তা ছাড়া স্বল্প আয়ের মানুষ এসব দোকান থেকে কম দামে কাপড়-চোপড় কেনার সুযোগ পাচ্ছে। কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদ বলেন, সড়কের দুই পাশ দখল করে তৈরি করা অবৈধ দোকানপাটে ঈদের কাপড়-চোপড় বেচা-বিক্রির কারণে বৈধ ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পথের দোকানগুলোয় যেসব কাপড় বিক্রি হচ্ছে এসব দেখতে নতুন মনে হলেও তা কয়েক বছরের পুরোনো। কম টাকায় এসব কিনে ক্রেতারা ঠকছেন। ঈদের আগেই এসব অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবি জানান তিনি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সড়কের দুই পাশে পথচারীদের হাঁটাচলার জায়গা দখল করে কয়েক শ অবৈধ দোকান গড়ে ওঠায় লোকজনের দুর্ভোগ চরমে উঠেছে। শহরের যানবাহন চলাচলেও এসব দোকানপাট বিঘ্ন সৃষ্টি করছে। পৌর কর্তৃপক্ষ চাইলে পুলিশ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে সহযোগিতা করবে।