কক্সবাজার শহরের ১৯ সড়কে খানাখন্দ
কক্সবাজার পৌর শহরের প্রধান সড়কসহ ১৯টি অভ্যন্তরীণ সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে রিকশাসহ অন্যান্য যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। রিকশা উল্টে অনেকে আহত হচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার সকালে শহরের প্রধান সড়ক দিয়ে শেখ রাসেল সড়কে ঢোকার সময় গর্তে চাকা আটকে উল্টে যায় একটি রিকশা। এতে অসুস্থ এক শিশুসহ গৃহবধূ সালমা আহত হন।
শেখ রাসেল সড়কের প্রায় ৭০০ মিটারে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, শেখ রাসেল সড়কে গুরুত্বপূর্ণ কার্যালয়, ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক ভবন রয়েছে। অথচ সড়কটি সাত মাস ধরে খানাখন্দে ভরা। গর্তে রিকশা উল্টে প্রতিদিন বহু লোক আহত হচ্ছেন।
সরেজমিনে প্রধান সড়কের বাজারঘাটা থেকে সিটি কলেজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটারে অন্তত ৩০টি পয়েন্টে ছোট-বড় ভাঙা দেখা গেছে।
তা ছাড়া বাজারঘাটা জামে মসজিদ সড়ক, ফায়ার সার্ভিস কার্যালয়, আইবিপি সড়ক, আলীরজাহান, তারাবনিয়াছড়া, রুমালিয়ারছড়া, এন্ডারসন সড়ক, সৈকত সড়ক, সার্কিট হাউস সড়ক, বাহারছড়া সড়ক, ঝাউতলা সড়ক, হোটেল-মোটেল জোন সড়কসহ অন্তত ১৯টি সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, পাহাড় কাটা মাটি বৃষ্টির পানিতে ভেসে শহরের নালা ভরাট হয়ে সড়কে উপচে পড়ছে। বৌদ্ধমন্দির সড়ক, হাসপাতাল সড়ক, বাজারঘাটা সড়ক, টেকপাড়া সড়ক, বড়বাজার সড়ক ও ফুলবাগ সড়কে হাঁটুকাদা জমে থাকছে। ফলে সড়কের ওপর দিয়ে হাঁটাচলা দূরে থাক, যানবাহন চলাচলেও সমস্যা দেখা দিচ্ছে। অন্যদিকে জলাবদ্ধতা দেখা দেওয়ায় পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। ময়লা-আবর্জনার স্তূপ আর দুর্গন্ধে মশা-মাছির উৎপাত বাড়ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাফর আলম বলেন, পর্যটন শহর কক্সবাজারের সড়কগুলোর বেহাল দশায় স্থানীয় লোকজনের পাশাপাশি পর্যটকেরাও দুর্ভোগের শিকার হচ্ছেন। অনিয়ম-দুর্নীতির কারণে নির্মিত সড়কগুলো স্থায়ী হচ্ছে না।
পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, শহরের হলিডে মোড় থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত প্রধান সড়কের প্রায় তিন কিলোমিটারের ভাঙা অংশ সংস্কারের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে বলা হয়েছে। আর অর্থ বরাদ্দ পাওয়া গেলে শেখ রাসেল সড়কসহ পৌরসভার বিভিন্ন সড়কের সংস্কারকাজ দ্রুত শুরু করা হবে।
সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী নূর-ই আলম বলেন, বৃষ্টিপাত কমে গেলে প্রধান সড়কের ভাঙা অংশের মেরামতকাজ শুরু হবে।