কক্সবাজার সদর হাসপাতালের ওটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
২৫০ শয্যার কক্সবাজার সদর হাসপাতালের ওটি বিভাগ (অপারেশন থিয়েটার) তিন দিন ধরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে জেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন দিন ধরে হাসপাতালের অপারেশন বিভাগের তিনজন চিকিৎসক ছুটিতে যাওয়ায় পুরো কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল মহেশখালী, চকরিয়া ও টেকনাফ থেকে আসা ১০-১৫ জন রোগী চিকিৎসা না পেয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মহেশখালীর কালারমারছড়া থেকে আসা লবণচাষি আবুল মনজুর (৫৫) বলেন, ১২ বছরের ছেলে মনির উল্লাহকে অস্ত্রোপচারের জন্য সকালে হাসপাতালে আনা হয়। কিন্তু চিকিৎসক না থাকায় ছেলেকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করাতে হয়েছে। এতে তাঁর পাঁচ গুণ বেশি টাকা খরচ হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক সেবিকা বলেন, তদারকি না থাকায় চিকিৎসকেরা নানা অজুহাতে ছুটির নামে হাসপাতালে অনুপস্থিত থেকে প্রাইভেট ব্যবসা করছেন। এতে গরিব রোগীরা হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন।হাসপাতালের তত্ত্বাবধায়ক অজয় ঘোষ প্রজ্ঞাপন জারি করে হাসপাতালের ওটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হাসপাতালের অ্যানেসথেসিয়া চিকিৎসক মো. রফিকুল হাসান অর্জিত ছুটিতে, অভিক বড়ুয়া বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছুটিতে আছেন এবং দেবাশীষ ঘোষ পরিবার অসুস্থ থাকায় জরুরি ভিত্তিতে চট্টগ্রামে অবস্থান করছেন। তাই অনির্দিষ্টকালের জন্য অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে। চিকিৎসকেরা ফিরে এলে এই সেবা কার্যক্রম চালু করা হবে।প্রজ্ঞাপন জারির সত্যতা নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রথম আলোকে বলেন, রোগীদের দুর্ভোগ লাঘবে কক্সবাজার মেডিকেল কলেজের একজন শিক্ষক দিয়ে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। ছুটিতে যাওয়া চিকিৎসকেরা কখন ফিরে আসবেন, জানতে চাইলে তিনি বলেন, আগামী ৬ জানুয়ারির মধ্যে সব চিকিৎসক ফিরে আসার কথা রয়েছে।