কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন ভোটাররা। কারণ, এখানে দলের একক প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন দুজন প্রার্থী।
তাঁরা হলেন কক্সবাজার পৌরসভার চারবারে নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা নুরুল আবছার (ঘোড়া) এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তালেব (দোয়াত-কলম)। ৩১ মার্চ এই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
আবু তালেব জানান, তৃণমূলের নেতারা তাঁকে দলের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। দলের অধিকাংশ নেতা-কর্মী ও সমর্থক তাঁর সঙ্গে আছেন। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে নুরুল আবছার মাঠে নেমে ভোটারদের বিভ্রান্ত করছেন।
অন্যদিকে নুরুল আবছার জানান, তিনিই দলের প্রার্থী। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে আছেন। বিপুল জনসমর্থন দেখে কিছু লোক তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ তিন দিন আগে সংবাদপত্রে বিবৃতি দিয়ে জানান, সদরে দলের কোনো একক প্রার্থী নেই।
এই উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ (আনারস), জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহ (মোটর সাইকেল), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা ইয়াছিন হাবিব (কাপ-পিরিচ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটাররা জানান, বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই উপজেলায় গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জামায়াতের সলিম উল্লাহ বাহাদুর। এবার বিএনপি-জামায়াত পৃথক প্রার্থী মাঠে। বিএনপি প্রার্থী আবদুল মাবুদের পক্ষে মাঠে নেমেছেন বিএনপির স্থানীয় সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল।
অন্যদিকে, জামায়াতের প্রার্থী জি এম রহিমুল্লাহর পক্ষে জেলা জামায়াতের আমিরসহ অনেকে।
জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও শহরের ঘোনাপাড়ার ভোটার বিশ্বজিত পাল বলেন, একক প্রার্থী দাঁড় করালে চেয়ারম্যান পদটি আওয়ামী লীগের ঘরে যেত। এখন বিএনপির প্রার্থীর সঙ্গে লড়াই করতে হবে আওয়ামী লীগের প্রার্থীদের।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শাহজাহান জানান, আওয়ামী লীগের প্রার্থী নুরুল আবছারের সঙ্গেই অন্য প্রার্থীর লড়াই হবে।