কক্সবাজার সমুদ্রসৈকতে থাকা স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় থাকা সব অবৈধ স্থাপনা আগামী ৩০ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ব্যাপারে ৪০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রুল মঞ্জুর করে এসব নির্দেশনা দেন। একই সঙ্গে সৈকত এলাকা দখলমুক্ত রাখতে পদক্ষেপ নিতেও সরকারকে বলা হয়েছে। কক্সবাজারের সমুদ্রসৈকত রক্ষায় স্থাপনা নির্মাণ বন্ধে ও নির্মিত স্থাপনা সরানোর নির্দেশনা চেয়ে জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১০ জানুয়ারি আদালত রুল জারি ও অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। রুলের চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল রায় দেন আদালত।