কক্সবাজার সমুদ্রসৈকতকে দ্বিখণ্ডিত করে নির্মাণাধীন রাস্তা বা বাঁধ উচ্ছেদের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ। এদিকে পাহাড়কাটা মাটি ফেলে রাস্তা নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। সৈকতের কলাতলী পয়েন্টে মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পরিষদের সভাপতি দীপক শর্মা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আয়াছুর রহমান, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, বেসরকারি সংস্থা গ্রিন কক্সবাজারের নির্বাহী পরিচালক ফজলুল কাদের চৌধুরী প্রমুখ।দীপক শর্মা বলেন, কলাতলী এঞ্জেলড্রপ রেস্তোরাঁ থেকে সি-ইন হোটেল পয়েন্ট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সৈকতকে দ্বিখণ্ডিত করে প্রতিরক্ষা বাঁধ বা রাস্তা তৈরি করছে হোটেল সি ওয়েব, স্বপ্নীল, ফকির গ্রুপ, হোটেল বে প্যারাডইস, ডেসটিনি ও প্যাসিফিক কর্তৃপক্ষ। প্রকাশ্যে পাহাড়কাটা মাটি ফেলে এবং সমুদ্র থেকে বালু তুলে এই বাঁধ নির্মাণ করা হলেও প্রশাসন নীরব।ফজলুল কাদের চৌধুরী বলেন, সৈকত দখল করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের কারণে সৈকতে সাধারণ পর্যটকদের অবাধ যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে। তা ছাড়া এভাবে স্থাপনা নির্মাণের কারণে সৈকতের পরিবেশও ঝুঁকির মুখে পড়েছে। আয়াছুর রহমান বলেন, পরিবেশ বিধ্বংসী এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে কক্সবাজারবাসীকে সঙ্গে নিয়ে এসব বেআইনি কর্মকাণ্ড প্রতিহত করা হবে।গতকাল দুপুরে কলাতলী পয়েন্টে যখন মানববন্ধন চলছিল, ঠিক ওই সময় কয়েক শ ফুট উত্তরে ট্রাক থেকে বালু ফেলে সৈকত ভরাটের কাজ চালাতে দেখা গেছে নির্মাণাধীন হোটেল বে-প্যারাডাইস লিমিটেড কর্তৃপক্ষকে।এ সম্পর্কে হোটেল বে-প্যারাডাইসের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় সহসভাপতি মো. নুরুল আমিন সাংবাদিকদের বলেন, ‘যা কিছু করা হচ্ছে, সবই আইনের বিধিবিধান অনুসরণ করেই করা হচ্ছে।’গতকাল সরেজমিন ঘুরে দেখা যায়, হোটেল সি-ওয়েভ, বে-প্যারাডাইস, হোম স্টোন, সি স্টারসহ একাধিক প্রতিষ্ঠান তাদের নির্ধারিত জায়গায় যাওয়ার জন্য সৈকতের বালিয়াড়ি দখল করে প্রায় ৮০ ফুট প্রস্থের একটি রাস্তা নির্মাণ করছে। এতে ব্যবহার করা হচ্ছে সমুদ্রসৈকতের বালু ও পাহাড়কাটা মাটি।সি-ওয়েভ হোটেলের কক্সবাজারের আঞ্চলিক পরিচালক এনামুল হক বলেন, ‘দেখতে সৈকত মনে হলেও, আমরা নিজস্ব জমিতে রাস্তাটি তৈরি করছি। এ জন্য জেলা প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরকেও লিখিতভাবে জানানো হয়েছে।’পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপকূলীয় ও জলাভূমি ব্যবস্থাপনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসনের অনুমতি নিয়ে কয়েকটি হোটেলের মালিক সৈকতের ওপর দিয়ে এই রাস্তা বা প্রতিরক্ষা বাঁধ তৈরি করছে। এতে আমাদের করার কিছু নেই। তবে পাহাড়কাটা মাটি ফেলে এই বাঁধ বা রাস্তা তৈরি হচ্ছে কি না, তার তদারক করা হচ্ছে।’ জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দীন আহমেদ বলেন, পর্যটকদের হাঁটাচলা এবং পর্যটনশিল্পের বিকাশে সৈকতের পাশ ঘেঁষে ব্যক্তিগত জমিতে এই রাস্তা তৈরির অনুমতি দেওয়া হয়েছে। তবে পাহাড়কাটা মাটি কিংবা সমুদ্রসৈকতের বালু ফেলে রাস্তা নির্মাণের অনুমতি কাউকে দেওয়া হয়নি। কেউ আইন লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’