কক্সবাজার সমুদ্রসৈকতে লাখো ভক্তের প্রতিমা বিসর্জন
বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতে লাখো ভক্তের উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার প্রতিমা বিসর্জন করা হয়।প্রতিমা বিসর্জন উপলক্ষে গতকাল বেলা তিনটা থেকে সৈকতের লাবনী পয়েন্টে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের সমাগম শুরু হয়। বিকেল পাঁচটার আগেই কানায় কানায় ভরে যায় সৈকত। বিসর্জনের আগ পর্যন্ত সৈকতের বালুচরে রাখা মা দুর্গার প্রতিমা ঘিরে ধরে চলে ভক্তদের শেষ আরাধনা।বিকেল সোয়া পাঁচটায় মন্ত্রপাঠের পর মাইকে প্রতিমা বিসর্জনের ঘোষণা দেওয়ার পরপরই ঝরতে শুরু করে ভক্তদের অশ্রু। এরপর জেলাশহরসহ টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, খুরুশকুলসহ বিভিন্ন মণ্ডপ থেকে সৈকতে নেওয়া দুই শতাধিক প্রতিমা একে একে বিসর্জন দেওয়া হয় বঙ্গোপসাগরের জলে।জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বাবুল শর্মা জানান, এ বছর জেলায় ২৩৯টি মণ্ডপে পূজা উদ্যাপিত হয়। এর মধ্যে ৯০ শতাংশ প্রতিমা কক্সবাজার সৈকতে বিসর্জন দেওয়া হয়েছে।বেলা চারটায় সৈকতের লাবনী পয়েন্টে বিজয়া মঞ্চ থেকে শুরু হয় বিসর্জনের অনুষ্ঠান। কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান। এ ছাড়া বক্তব্য দেন কক্সবাজার জেলা প্রশাসক মো. জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার, কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ, আওয়ামী লীগের নেতা সাইমুম সওয়ার, কানিজ ফাতেমা মোস্তাক প্রমুখ। সভা পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা।প্রতিমা বিসর্জন নিরাপদ করতে জেলা পুলিশ বেলা দুইটার পর থেকে সৈকতে নামার প্রধান সড়কে যানবাহন ও রিকশা চলাচল বন্ধ করে দেয়। এ কারণে হাজার হাজার মানুষকে হেঁটে সৈকতে যেতে এবং প্রতিমা বিসর্জনের পর সন্ধ্যায় সেখান থেকে ফিরতে হয়েছে।জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ দাশ জানান, সৈকতের এই প্রতিমা বিসর্জনের উৎসবে দেড় লাখের বেশি মানুষের সমাগম ঘটেছে।প্রতিমা ভাঙচুর, হামলায় আহত ১৩: রামু থেকে সড়কপথে কক্সবাজার সমুদ্রসৈকতে নেওয়ার সময় গতকাল বৃহস্পতিবার একদল দুষ্কৃতকারী হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর ও পিটিয়ে ১৩ জনকে আহত করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রামুর রাজারকুল পালপাড়ার মন্দির থেকে প্রতিমা নিয়ে একটি ট্রাক কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় উচ্চ শব্দে মাইক বাজিয়ে গানের তালে তালে ট্রাকের ওপর যুবকেরা নাচ-গান করছিল। ট্রাকটি দরগাহপাড়ায় পৌঁছালে কয়েকজন মুসলিম শিশু-কিশোর ঢিল ছুড়ে। এ সময় ট্রাক থেকে নেমে কয়েকজন যুবক তাদের মারধর করে। পরে গ্রামের লোকজন ট্রাকে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে। এ সময় বাঁশি আচার্য, ছোটন পাল, অরূপ চৌধুরী, বাবলু পাল, নান্টু ধর, তপন দাশ, নিপু কান্তি দে, রতীন্দ্র লাল দে, সুনীল দে-সহ অন্তত ১৩ জন আহত হন। পরে এ খবরে সৈকতে সমবেত হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।সমাবেশে পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এই হামলা কি না, তদন্ত করে দেখা হবে।জেলা প্রশাসক মো, জয়নুল বারী বলেন, এই ঘটনা দ্রুত তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।