কক্সবাজার সমুদ্রসৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালুচর দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে উপকূলীয় অঞ্চলের পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। এতে দেখা দিয়েছে সৈকত বিলীন হওয়ার আশঙ্কা। তাই এসব স্থাপনা উচ্ছেদ করে, সৈকতকে ভূমিখেকোদের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের কলাতলী পয়েন্টে এই মানববন্ধন করা হয়।কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আয়াছুর রহমান, স্থানীয় সংগঠন সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সহসভাপতি প্রিয়তোষ পাল, পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন’ কক্সবাজারের নির্বাহী পরিচালক ফজলুল কাদের চৌধুরী, সাংবাদিক দীপক শর্মা প্রমুখ।ফজলুল কাদের চৌধুরী বলেন, প্রভাবশালী ভূমিদস্যুরা ভুয়া দলিল তৈরি করে সৈকতের জমি দখল করছে। অনেকে বহুতল ভবন নির্মাণ করছে। অথচ প্রশাসন এ ব্যাপারে নীরব। তিনি আরও বলেন, ‘সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে আগামী রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ না করলে, কক্সবাজারের সর্বস্তরের মানুষ এলাকার স্বার্থে এসব স্থাপনা গুঁড়িয়ে দেবে। আমরা কক্সবাজারকে সাগরগর্ভে হারিয়ে ফেলতে চাই না।’গতকাল বিকেলে সৈকতের কলাতলীর সাবমেরিন কেবলের ল্যান্ডিং পয়েন্ট থেকে ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা পরিদর্শন করে দেখা গেছে, সৈকতের জমি দখল করে হোটেল-মোটেলে যাতায়াতের রাস্তা, ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের পাশাপাশি বাঁশ ও স্থায়ী খুঁটি গেড়ে খণ্ড খণ্ড জমি দখল করা হচ্ছে। এতে সৈকত সংকুচিত হয়ে পড়ছে। কেউ আবার দখল করা জমিতে রেস্তোরাঁ, দোকানপাট ও স্থায়ী স্থাপনা তৈরি করে ব্যবসা করছে। জোয়ারের সময় সাগরের পানি বেড়ে এসব স্থাপনায় চলে এলে সৈকতে পর্যটকদের হাঁটাচলার রাস্তা থাকে না।গত ৪ মার্চ প্রথম আলোয় ‘দখলের দৌরাত্ম্যে ছোট হয়ে আসছে সৈকত’ শিরোনামে জমি দখলসংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পরের দিন জেলা প্রশাসন সৈকতে গিয়ে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও, পরে তা আবার বেদখলে চলে যায়। স্থানীয় জনগণের অভিযোগ, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাতের বেলায় শ্রমিক দিয়ে সৈকতে পাকা দেয়াল নির্মাণ করাচ্ছেন। কিন্তু প্রশাসনের এতে কোনো নজরদারি নেই।এ ব্যাপারে জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, সৈকত দখল করে স্থাপনা তৈরির অনুমতি কাউকে দেওয়া হয়নি। কিছুদিন আগেও অভিযান চালিয়ে সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসব স্থাপনাও উচ্ছেদ করা হবে।