কক্সবাজার সমুদ্রে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে স্পিডবোট উল্টে নিখোঁজ পর্যটক মোস্তাফিজুর রহমানের (২২) লাশ গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় মহেশখালীর সোনাদিয়া দ্বীপের প্যারাবন থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় ডুবুরিরা জানান, গত বৃহস্পতিবার বেলা ১১টায় মোস্তাফিজুর স্পিডবোট নিয়ে সাগর ভ্রমণে যান এবং ফিরে আসার সময় স্পিডবোটটি ঢেউয়ের ধাক্কায় উল্টে গেলে তিনি নিখোঁজ হন। মোস্তাফিজুর সিলেটের বহরা আবাসিক এলাকার বাসিন্দা শামসুদ্দিন আহমদের ছেলে। সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত ইয়াছির লাইফগার্ড স্টেশনের পরিচালক ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি মোস্তফা কামাল বলেন, গতকাল বেলা সাড়ে ১১টায় সোনাদিয়ার প্যারাবন থেকে মোস্তাফিজুরের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা লাশটি নিখোঁজ সুজনের বলে শনাক্ত করেন। দুপুরে লাশ নিয়ে তাঁরা সিলেটের উদ্দেশে রওনা দেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।