
সেলাই প্রশিক্ষণের মাধ্যমে সংসারের আয়ের চাকা সচল করার স্বপ্ন দেখছেন সাগর উপকূলের দরিদ্র নারীরা। কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের অসহায় নারীদের এই স্বপ্ন পূরণে সহায়তার হাত বাড়িয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ‘মানবসেবা সংঘ’। প্রতিষ্ঠানটির উদ্যোগে প্রাথমিকভাবে ২০ জন নারীকে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ৯ মে থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী তিন মাস।
খুরুশকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর ইউনিয়ন অতিদরিদ্রপ্রবণ এলাকা। এখানে খেটে খাওয়া মানুষের সংখ্যাই বেশি। এলাকার নারীরা সবচেয়ে বেশি অবহেলিত। আর্থিক অনটনের কারণে তাঁদের শিক্ষা গ্রহণ করা সম্ভব হয় না। সেলাই প্রশিক্ষণকেন্দ্রটি নারীদের চোখ খুলে দিচ্ছে। এতে তাঁদের সাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
খুরুশকুল ইউনিয়নের পালপাড়ায় ২০১৩ সাল থেকে মানবসেবা সংঘ কেন্দ্রের একটি শাখা রয়েছে। একই শাখায় হোমিও দাতব্য চিকিৎসালয়ও রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এলাকার পাঁচ হাজার গরিব মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে বলে জানান মানবসেবা সংঘের কক্সবাজার শাখার সভাপতি ছোটন কান্তি দে। তিনি বলেন, প্রতিবছর জানুয়ারির প্রথম শুক্রবার এলাকার ৫০০ দরিদ্র মানুষকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শীতবস্ত্র দেওয়া হয়।
মানবসেবা সংঘের প্রতিষ্ঠাতা নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার চণ্ডীগড় গ্রামের নিত্যানন্দ গোস্বামী। দেশের প্রতিটি জেলায় প্রতিষ্ঠানটির শাখা রয়েছে। বিভিন্ন জেলায় অনাথালয়, বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের আশ্রয়কেন্দ্র, বৃদ্ধালয়, হোমিও দাতব্য চিকিৎসালয়সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে মানবসেবা সংঘ।
গত বৃহস্পতিবার খুরুশকুলের পালপাড়ায় সেবা সংঘে গিয়ে কথা হয় সেলাই প্রশিক্ষণ নিতে আসা অ্যানি আক্তারের সঙ্গে। তিনি বলেন, মা-বাবা সন্তানসহ ছয় সদস্যের পরিবারের ভরণপোষণ নিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। দিনমজুর স্বামীর আয়-রোজগার তেমন নেই। তিনি বলেন, এলাকায় নারীদের বিকল্প কোনো কাজ নেই। তাঁর আশা প্রশিক্ষণ শেষে সেলাইয়ের কাজ করে কিছুটা হলেও সংসারের আয় বাড়াতে পারবেন তিনি।
সেলাইয়ের কাজ রপ্ত করে ভাইবোনের পড়ালেখার খরচ ও দিনমজুর বাবার সংসারে আর্থিকভাবে সহায়তা করার স্বপ্ন দেখছেন এলাকার তরুণী পল্লবী দে। তিনি বলেন, ‘ইচ্ছা ছিল লেখাপড়া শিখে মানুষ হব, কিন্তু পারিনি। টাকার অভাবে ২০১৫ সালে নবম শ্রেণিতেই পড়ালেখা থামিয়ে দিতে হয়েছে। ছোট পাঁচ ভাইবোনের পড়ালেখাও যেন বন্ধ না হয়, সে জন্য সেলাই প্রশিক্ষণ নিচ্ছি।’
পালপাড়ার কিশোরী সুমি দে বলে, দিনমজুর বাবার আয়ে পাঁচ বোনের লেখাপড়া চলছে না। বাড়তি আয়ের জন্যই সেলাই প্রশিক্ষণ নিতে এসেছে সে।
স্থানীয় কৃষক নেপাল দে (৫৫) বলেন, ‘আমাদের পাশে কেউ দাঁড়ায় না। এখন ঘরের বউ ও মেয়েরা সেলাই প্রশিক্ষণ নিয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে।’
বিনা মূল্যের সেলাই প্রশিক্ষণ পেয়ে এলাকার দরিদ্র নারীরা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবে বলে আশা করছেন কক্সবাজার জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা আহমেদ। তিনি বলেন, মানবসেবা সংঘের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
এ বিষয়ে সেবা সংঘের প্রতিষ্ঠাতা নিত্যানন্দ গোস্বামী প্রথম আলোকে বলেন, খুরুশকুল ইউনিয়নের অসহায় নারীদের ভাগ্যোন্নয়নের জন্য সেলাই প্রশিক্ষণকেন্দ্রটি চালু করা হয়েছে। সেলাই মেশিনগুলো দান করেছেন বিভিন্ন ব্যক্তি।। যতদিন পর্যন্ত এলাকার নারীদের ভাগ্যের পরিবর্তন না হবে, ততদিন এই প্রশিক্ষণকেন্দ্র চালু থাকবে। বছরে ৮০ জন নারীকে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁর আশা, এই কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে নারীরা সাবলম্বী হওয়ার পথ খুঁজে পাবেন।